চিলি পনীর, দুধ পনীর, শাহী পনীর এসব সকলেই খেয়েছেন। নিরামিষের দিনে ভিন্ন স্বাদের পনীরের রেসিপি তৈরী করুন। মা-ঠাকুমাদের হাতের এই ছানার মৌল ঐতিহ্যবাহী রান্না। এই রেসিপি তৈরি করলে মা ঠাকুমার হাতের স্বাদ পাবেন আপনি। নিরামিষের দিনে কি রান্না করবেন ভেবে ভেবে সময় নষ্ট করার দরকার নেই। এই রান্না সহজেই তৈরি করুন। পনির ভাজার কোন ঝঞ্ঝাট নেই। সহজেই বানিয়ে ফেলুন ছানার মৌল। কিভাবে এই রেসিপি বানাবেন জেনে নিন।
উপকরণ
পনীর ৪০০ গ্রাম, ময়দা ১ চা চামচ, কাঁচা লঙ্কা কুচি ২ চা চামচ, নারকেল দুধ ৩০০ মিলি, আদা কুচি ১ টেবিল চামচ, ঘি ৩-৪ চামচ, নুন স্বাদ অনুসারে, চিনি ৩-৪ চামচ, ৩ টি তেজপাতা, গোটা গরম মশলা।
রন্ধন প্রণালী
প্রথমেই গোটা গরম মশলা গুঁড়ো করে নিন। এবার একটি পাত্রে ১০০ মিলি নারকেল দুধ ও ১০০ জল ও ১ চা চামচ ময়দা ভালো করে গুলে নিন যেন ময়দা কোথাও দলা পাকিয়ে না থাকে। এবার কড়াই মাঝারি আঁচে বসিয়ে যে মিশ্রণটি বানালেন দুধ, ময়দা, জল দিয়ে সেটি ঢেলে দিন।
এবার একটু ফুটে এলে তাতে দিয়ে দিন তেজপাতা, আগে থেকে গুঁড়ো করে রাখা গরম মশলা, ২ চা চামচ কাঁচালঙ্কা কুচি, ৩ চা চামচ চিনি, স্বাদ অনুসারে নুন। এবার সমস্ত মশলাটি মিশিয়ে নিন। ফুটে উঠলে তার মধ্যে যোগ করুন বাকি ২০০ মিলি দুধ। এবার আঁচ কমিয়ে দিয়ে দিন পনীর। খুব আলতো হাতে একটু নেড়ে নিন। রান্নাটি ফুটে উঠলে কড়াই আঁচ থেকে সরিয়ে নিন।
এবার আরো একটি কড়াই বসান, সেখানে ২-৩ চামচ ঘি দিন। ঘি গরম হলে তাতে দিন এক বড় চামচ আদা কুচি। আদার সুগন্ধ বেরোলে ঢেলে দিন আগে থেকে পনির দিয়ে তৈরি করা ঝোলটি। পরবর্তী ৫-৭ মিনিট রান্নাটি ফুটতে দিন। রান্নাটি হয়ে এলে নুন-মিষ্টি পরিমাপ করুন। উপর থেকে ঘি ছড়িয়ে দিন। এই রান্নাটি পরিবেশন করুন ভাত বা পোলাওয়ের সাথে।





