এবার চেটেপুটে পটল খাবেন আপনিও! ঝোল বা তরকারি নয়, সহজেই বানিয়ে ফেলুন দুধ পটল

পটলের ঝোল, তরকারি খেয়ে মুখে অরুচি ? ভিন্ন স্বাদের পটলের এই রেসিপি আপনার মুখে স্বাদ ফেরাবে। সামান্য উপকরণ দিয়ে তৈরি এই সুস্বাদু রেসিপি চেয়ে খাবে সকলে। পটল মানে ভাতে কিংবা ভাজা নয়, আজ রইল সুস্বাদু দুধ পটলের এক বিশেষ রেসিপি।

উপকরণ

দুধ পটল তৈরি করতে প্রয়োজন পটল, দুধ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এলাচ, লবঙ্গ, দারচিনি, নুন, চিনি, সর্ষের তেল

রন্ধন প্রণালী

দুধ পটল তৈরির জন্য প্রথমে পটলের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে চিরে নিতে হবে। এরপর একটি কড়াইতে সর্ষের তেল গরম করে পটলগুলোতে নুন মেখে ভালো করে ভেজে তুলে রাখতে হবে। এরপর সেই তেলে এলাচ, লবঙ্গ, দারচিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে হবে। এবার সেই মশলার মধ্যে ভাজা পটলগুলো যোগ করতে হবে।

পটলগুলো মশলার সাথে ভালোভাবে মাখা হলে দুধ ঢেলে দিতে হবে। এরপর স্বাদমতো নুন এবং চিনি দিয়ে ঢেকে রান্না করতে দিতে হবে। পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে উপরে ঘি ছড়িয়ে নামিয়ে ফেলতে হবে। এভাবেই তৈরি হয়ে যাবে দুধ পটল, যা ভাতের সাথে পরিবেশন করলে আঙুল চেটে খাবে সকলে।

এই সহজ এবং সুস্বাদু রেসিপিটি আপনার পরিবারের সবাইকে মুগ্ধ করবে। পটল যাদের একেবারেই পছন্দ নয়, তারা একবার দুধ পটল বানিয়ে দেখতে পারেন।

RELATED Articles