অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারত-বাংলাদেশ সীমান্ত, বন্ধ পেট্রাপোল সীমান্ত, বেনাপোল সীমান্তের ওপার থেকে ভেসে আসছে গুলির আওয়াজ

প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। প্রথমে ত্রিপুরার আগরতলায় পৌঁছন তিনি। এরপর সেখান থেকে পৌঁছন নয়াদিল্লির সেফ হাউসে। এদিকে বাংলাদেশের দখল নিয়েছে সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল ভারত-বাংলাদেশ সীমান্ত।

ভারত-বাংলাদেশ সীমান্তে জারি হাই অ্যালার্ট। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। বিএসএফের ডিজি এসেছেন কলকাতায়।  শেখ হাসিনা ভারতে এসেছেন ফলে তাঁর যাবতীয় নিরাপত্তার দায়িত্ব এই মুহূর্তে বিএসএফের হাতে। ভারতীয় সেনা তো রয়েছেই, তবে প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে বিএসএফ-কে। পূর্বাঞ্চলের সীমান্তকে সতর্ক করা হয়েছে বলে খবর। কলকাতা থেকে ডিজি ইস্টার্ন কমান্ড বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, শেখ হাসিনার পরিজনরাও আসছেন ভারতে। তাঁর পরিজনরা ভারতে প্রবেশের পর যাতে কোনও সমস্যায় না পড়েন সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফকে। কোনও আন্দোলনকারী যাতে ভারতে প্রবেশ করে তাদের উপর কোনও সমস্যা তৈরি না করতে পারে, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফকে।

এমন আবহে অনির্দিষ্টকালেরর জন্য বন্ধ করা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। পেট্রাপোলে বন্ধ দুই দেশের বাণিজ্যও। দুই দেশের জিরো পয়েন্টে সেনাদের বৈঠক হওয়ার কথা বলে জানা গিয়েছে। এও জানা যাচ্ছে, অন্য রাজ্য থেকে বিএসএফ এনে সীমান্তে মোতায়েন করা হতে পারে। শেষ পাওয়া খবর অনুযায়ী, বাংলাদেশের বেনাপোল সীমান্তে ওপার থেকে ঘন ঘন গুলির আওয়াজ ভেসে আসছে। বিএসএফের তরফে জারি করা হয়েছে সতর্কতা।   

RELATED Articles