ইতিহাসের সন্ধিক্ষণে মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। আই লীগ (I league) চ্যাম্পিয়ন হয়ে তাদের প্রবেশ ঘটেছে আইএসএলে (ISL)। আজ সন্ধ্যা ৭:৩০ টায় কিশোর ভারতী স্টেডিয়ামে আইএসএল-এর প্রথম ম্যাচ খেলতে নামছে সাদাকালো ব্রিগেড। প্রতিপক্ষ মোহনবাগান সুপার জায়ান্টসকে (Mohunbagan Supergiants) হারিয়ে সদ্য ডুরান্ড কাপ জেতা নর্থইস্ট ইউনাইটেড (Northeast United)। ম্যাচ জেতা অতটাও সোজা হবে না মহামেডানের জন্য। তবুও নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ আন্দ্রে চেরনিশভ।
রবিবার নিজের দলের প্রসঙ্গে কোচ আন্দ্রে চেরনিশভ বলেন, “প্রথম ছয়ে থাকব বা চ্যাম্পিয়ন হব, এ সব বলে দেওয়া হয়তো সহজ। কিন্তু আমাদের নিজেদের দিকটাও দেখতে হবে। এই প্রথমবার আইএসএলে খেলতে নামছি আমরা। সবাই ভালো খেলার জন্য মুখিয়ে রয়েছে। কিন্তু, আইএসএলের জন্য আমাদের খুব দ্রুত টিম করতে হয়েছে। তাই, কয়েকটা ম্যাচ না খেললে বোঝা কঠিন, কী হতে চলেছে। আগে কয়েকটা ম্যাচ খেলে নিই আমরা। তারপরে বলতে পারব, আমাদের লক্ষ্য কী হতে চলেছে”।
সমর্থকদের পাশে পাওয়াটা বাড়তি সুবিধা হলেও আবেগে ভেসে যেতে রাজি নন কোচ আন্দ্রে চেরনিশভ। তিনি আরও বলেছেন, “নর্থইস্ট যেমন ডুরান্ড চ্যাম্পিয়ন, আমরাও কিন্তু আই লিগে চ্যাম্পিয়ন হয়ে এখানে খেলতে এসেছি। তবে, সে সব এখন গুরুত্বপূর্ণ নয়। আবেগ ভুলে নিজেদের খেলাটা খেলতে হবে। নর্থইস্টে বড় কোনও নাম হয়তো নেই, কিন্তু ওরা একটা টিম হিসেবে খেলে। গতবারের সেট টিমটাকেই প্রায় ধরে রেখেছে। আমরা যত দ্রুত পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারব, ততই আমাদের লাভ”।
এবছর মহামেডানের অধিনায়ক করা হয়েছে সামাদ আলী মল্লিককে। আই লীগ জয়ী টিমের বেশিরভাগ ফুটবলারকেই ধরে রাখতে সক্ষম হয়েছে মহামেডান। সাথে বেশ কিছু প্রতিশ্রুতিমান তরুণ ভারতীয় ফুটবলার কে সই করানো হয়েছে ক্লাবে। ক্লাবে নিয়ে আসা হয়েছে বেশ কিছু ভালো মানের বিদেশি ফুটবলারও। পুরো দলটাই এখন মগ্ন প্র্যাকটিসে।
বারবার কোচ বদলে ফেলার অভ্যাস থেকে বেরিয়ে এসেছে মহামেডান। গতবার ক্লাবের হাল ধরে দলকে আই লীগ জিতিয়েছেন আন্দ্রে চেরনিশভ। এবারও তার ওপরই ভরসা রাখছে ক্লাব। প্রাক্তন ফুটবলার এবং বর্তমান টিম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস মনে করছেন এবার আইএসএলে বেশ বড় রকমেরই চমকের সৃষ্টি করবে মহামেডান। তিনি বলেন, “আমরা ডুরান্ডে পুরো শক্তির টিম খেলাইনি। ফলে, আমাদের টিম কেমন, সেই সম্পর্কে বাকিদের তেমন ধারণা নেই। এটা আমাদের প্লাস পয়েন্ট”।






