রেল দুর্ঘটনা যেন এখন এক রোজকার রুটিনে পরিণত হয়েছে। মাঝেমধ্যেই উঠে আসে রেল দুর্ঘটনার খবর। আর এর জেরে ক্ষয়ক্ষতি হয়ই, প্রানহানিও হয়। এবার ফের এক রেল দুর্ঘটনা ঘটল বাংলায়। জলপাইগুড়ি ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত ট্রেনের একাধিক বগি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে রেলের তরফে।
জানা গিয়েছে, আজ, মঙ্গলবার অসম থেকে নিউ জলপাইগুড়ির দিকে আসছিল ট্রেনটি। জলপাইগুড়ি ময়নাগুড়ি রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় সেটি। স্টেশনে ঢোকার মুখেই ইঞ্জিন থেকে বেশ কয়েকটি বগি ছিটকে যায় বলে খবর। লাইনচ্যুত হয়ে যায় বগিগুলি। লাইনের ধারে বৈদ্যুতিক খুঁটিতে তা ধাক্কা খায়। এর জেরে বেশ ক্ষতিগ্রস্ত হয় সেগুলিও।
এই দুর্ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয় ওই লাইনে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে নিয়ে যাওয়া হয় হাইড্রা মেশিন ও জেসিবি। দ্রুততার সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। এই দুর্ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে পড়েছে রেলের ভূমিকা। রেলের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।
কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। সিগন্যালিংয়ের কোনও সমস্যা ছিল নাকি নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে, সেসব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। এই দুর্ঘটনার জেরে জলপাইগুড়ি রানিনগর-সহ নানান স্টেশনে দাঁড়িয়ে উত্তরবঙ্গ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তবে এটি মালগাড়ি হওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটে নি। আর কী কী ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখলে জানা যাবে বলে খবর।
বলে রাখি, বিগত বেশ কিছু মাস ধরেই মাঝে মধ্যেই নানান ট্রেন দুর্ঘটনার খবর আসছে। শিলিগুড়ির ফাঁসিদেওয়াতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারান ১২ জন। আহত হয়েছিলেন শতাধিক। সেই দুর্ঘটনার রেশ কাটার আগেই একাধিক ট্রেন দুর্ঘটনার খবর আসতে থাকে একের পর এক। গত মাসেই মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের কুমেদপুরের কাছে নিউ জলপাইগুড়ি থেকে কাটিহার যাওয়ার সময় একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছিল। সেই সময় পাঁচটি বগি লাইন থেকে ছিটকে গিয়েছিল বলে খবর মেলে।





