পর্যটন ভিসায় ধর্ম প্রচার; তবলিগি জামাতে উপস্থিত ২৬ বিদেশি সহ ২৯ জন গ্রেপ্তার

করোনা সতর্কতার মধ্যেও নানা জায়গায় ধর্মীয় জমায়েতের ঘটনা ঘটেছিল মার্চ মাসে। সেরকমই একটি জমায়েত ঘটেছিল দিল্লির নিজামুদ্দিন এলাকায়। প্রায় হাজারের ওপর মানুষের সমাগম হয়েছিল তবলিগি জামাতে। আর তারপরই এই ঘটনা করোনার কেন্দ্রবিন্দু হয়ে ছড়িয়ে পড়ে সারা দেশে। এবার তাই পর্যটন ভিসায় ভারতে এসে ধর্মীয় প্রচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘন করার অভিযোগে ২৬ বিদেশি এবং ৩ জন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। এই ২৯ জনকে শনিবার রাতে মহারাষ্ট্রের আহমেদনগর থেকে গ্রেফতার করা হয় এবং এঁরা প্রত্যেকে গতমাসে দিল্লির নিজামুদ্দিন মারকাজে হওয়া তবলিঘি জামাতে উপস্থিত ছিলেন।

এই ২৯ জন ব্যক্তি এতদিন পর্যন্ত কোয়ারান্টিনেই ছিলেন। শুক্রবার তা শেষ হওয়ার পরই, সকলকে শনিবার আহমেদনগরের একটি আদালতে পেশ করা হয়। বিচারে, বিদেশি নাগরিকদের ২৪ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় এবং তিন ভারতীয় নাগরিককে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পরে ভারতীয়রা জামিন পান।

পুলিশ জানিয়েছে, গতমাসে একসঙ্গে এই ২৯ জন এবং আরও ৬ জনকে উদ্ধার করা হয়েছিল। পরে দেখা যায়, ওই ৬ জন কোভিড-১৯ পজিটিভ। তাঁদের মধ্যে তিনজন ভারতীয় ও তিনজন বিদেশি। বিদেশিরা ইন্দোনেশিয়া, দিবুতি ও আইভোরি কোস্টের বাসিন্দা। আক্রান্তদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আর এই ২৯ জনকে রাখা হয় ইনস্টিটিউশনাল কোয়ারান্টিনে। পরে রিপোর্টে অবশ্য এই ২৯ জনের নমুনা নেগেটিভ আসে।

এই ২৯ জনের মধ্যে ৮ জন আইভরি কোস্ট, ৩ জন তানজানিয়ার বাসিন্দা। এছাড়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই ও দিবুতির বাসিন্দা ৪ জন এবং ইরান, বেনিন ও ঘানার বাসিন্দা একজন করে রয়েছেন। গত ৫ তারিখ এঁদের আহমেদনগর, নেভাসা ও জামখেড়ের বিভিন্ন মসজিদ থেকে উদ্ধার করা হয়। সবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, মহারাষ্ট্র পুলিশ আইন, মহারাষ্ট্র কোভিড-১৯ নিয়ন্ত্রণ আইন, মহামারী রোধ আইন, জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন ও বিদেশি নাগরিক আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।

RELATED Articles

Leave a Comment