মাঝে আর একটা দিন। এরপরই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে রয়েছে ভোট। কিন্তু এর আগেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বড় অভিযোগ আনল তৃণমূল। শুধু কেন্দ্রীয় বাহিনীই নয়, প্রশ্ন তোলা হল কমিশনের ভূমিকা নিয়েও।
আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্র অর্থাৎ নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট আসনে রয়েছে উপনির্বাচন। আজ, সোমবার বিকেল ৫টায় শেষ হবে প্রচার পর্ব। ওই সমস্ত বিধানসভা এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দেয়া শুরু করেছে। কিন্তু এরই মধ্যে এবার তাদের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তুলল ঘাসফুল শিবির।
অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর তরফে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, গত ৮ নভেম্বর কেন্দ্রীয় বাহিনী ও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে চিঠি দেয় তৃণমূল। কিন্তু কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফলে ৯ নভেম্বর তৃণমূলের ৫ সাংসদ দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যান। সেখানে কোনও সৌজন্য দেখানো হয়নি বলে অভিযোগ।
এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং সাকেত গোখলের অভিযোগ, “ভোটের কাজে বাইরে থেকে আনা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে, বলছে বিজেপিকে ভোট দিতে হবে। এ নিয়ে কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। অথচ হাস্যকর ভাবে প্রচার পর্ব মিটে যাওয়ার পর কমিশনের সেকথা মনে পড়েছে! কমিশন জেগে উঠেছে”।
আরও পড়ুনঃ ‘উপনির্বাচনের প্রচারে বাংলাদেশ প্রসঙ্গ, ঘৃণামূলক মন্তব্য করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা’, অভিযোগ তুলে শুভেন্দুকে সেন্সর করার দাবী কুণালের
সাকেত গোখলে জানান, “যখন অভিযোগ জানানো হয়েছিল, তখন সেটিকে গুরুত্ব দেওয়া হল না। আসলে নির্বাচন কমিশন যে বিজেপির হয়ে কাজ করে এটা আবারও স্পষ্ট হল। যা দেশের গণতন্ত্রের পক্ষে খুবই দুর্ভাগ্যজনক”।






