নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ কুন্তলের জামিনের আবেদন মঞ্জুর করেছে। যদিও বেশ কিছু শর্তও রয়েছে এই জামিনের সঙ্গে।
২০২৩ সালের জানুয়ারি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তাঁর দুটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রচুর নথি উদ্ধার করেছিলেন ইডি আধিকারিকরা। চাকরিপ্রার্থীদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতেন কুন্তল, এমনটাই অভিযোগ উঠেছিল। তদন্তকারীদের দাবী ছিল, মোট ১৯ কোটি টাকা তুলেছিলেন কুন্তল। এই ঘটনায় পরে সিবিআইও গ্রেফতার করে কুন্তলকে।
জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কুন্তল ঘোষ। কিন্তু সেই মামলা ফের কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠিয়ে দেয় শর আদালত। এই মামলায় কুন্তলের আইনজীবী সওয়াল করেছিলেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য জামিন পেয়েছেন। সেই কারণে তাঁর মক্কেলের জামিনও যেন মঞ্জুর করা হয়।
আজ, বুধবার হাইকোর্টে এই মামলার শুনানিতে কুন্তল ঘোষের জামিনের আবেদন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে কুন্তলকে। জানানো হয়েছে, এই দুর্নীতির তদন্তে কুন্তলকে সাহায্য করতে হবে। নিজের এলাকা ছাড়তে পারবেন না তিনি। কোনও ধরণের দুর্নীতিমূলক কাজে যদি কুন্তল ফের জড়িয়ে পড়ে বা প্রমাণ লোপাটের চেষ্টা করে, তাহলে আদালত কড়া পদক্ষেপ করবে। পাসপোর্ট থাকলে তা আদালতে জমা দিতে হবে কুন্তলকে। ইডির এই মামলায় ১০ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে কুন্তলের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।
তবে জামিন মঞ্জুর হলেও এখনই জেলমুক্তি হচ্ছে না কুন্তল ঘোষের। কারণ ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি। কিন্তু এখনও সিবিআইয়ের মামলায় মাথার উপ ঝুলছে তার। ফলে আপাতত জেলেই থাকতে হবে প্রাক্তন তৃণমূল নেতাকে।





