লকডাউনে প্রাণ গিয়েছে স্বামীর, অসহায় স্ত্রী পাশে পেলেন ‘ট্রাস্ট ফর চাইল্ড এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ইন্ডিয়া’ কে

করোনা ভাইরাসের হাত থেকে দেশকে বাঁচাতে শুরু হয়েছে লকডাউন। কিন্তু এই দেশজোড়া লকডাউনে সমস‍্যায় পড়েছেন প্রচুর মানুষ। যেমন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের নারায়ণপুর লক্ষীতলা এলাকার আরতি হালদার। এই লকডাউনের মাঝেই স্বামীকে হারিয়ে ৩,৬ ও ৯ বছরের তিন কন‍্যা সন্তানকে নিয়ে পথে বসেছেন তিনি। স্বামী প্রদীপ হালদার পেশায় ছিলেন তাঁতি। বেশ কয়েক মাস যাবৎ পেটের সমস‍্যায় ভুগছিলেন, অনেক চিকিৎসা করিয়েও মেলেনি সুফল। কাজ করতে না পারায় আয়‌ও কমে ছিল।

দিন আনা দিন খাওয়া এই পরিবারের ঘটি-বাটি টুকুও চলে যায় চিকিৎসা করাতে গিয়ে। অবশেষে এই লকডাউনের মধ‍্যেই মারা যান প্রদীপ। তবে তিনি মারা যেতেই আশার প্রদীপ টুকুও নেভে আরতি দেবীর। স্বামীর শ্রাদ্ধের কাজটুকু করার ক্ষমতা টুকুও ছিলনা এই অসহায় মানুষটির। তবে এই কঠিন সময়ে পাশে পেয়েছেন প্রতিবেশীদের। সেই সঙ্গে পাশে পেয়েছেন ট্রাস্ট ফর চাইল্ড অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ইন্ডিয়া’র মতো সংস্থা’কে। আজ এই সংস্থার দক্ষিণ দিনাজপুর শাখার প্রধান উত্তম পাণ্ডে আরতি দেবী ও তাঁর সন্তানদের হাতে নতুন বস্ত্র ও আগামী এক মাসের খাদ‍্য সামগ্রী তুলে দিয়েছেন। সেই সঙ্গে আরতি দেবী পেয়েছেন তাঁদের যে কোনও বিপদে সাহায্য করার জন্য কিছু মানুষের আশ্বাস।

এত খারাপ খবরের ভিড়ে কিছু খবর সত্যি মন ভালো করে দেয়। এইরকম ভাবে যেন আর‌ও অনেক বিপদে পড়া মানুষের পাশে থাকে ট্রাস্ট ফর চাইল্ড এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ইন্ডিয়া, এটাই আশা ‘খবর ২৪x৭’-এর.

আরও অন্যান্য খবর