লকডাউন উঠলেই বেরোতে পারে মাধ্যমিকের ফলাফল, সম্ভাবনা প্রকাশ করল রাজ্য স্কুল শিক্ষা দফতর।

লকডাউন-এর জেরে সবথেকে বেশি অসুবিধার সম্মুখীন হয়েছে স্কুল-কলেজের ছাত্র ছাত্রীরা। করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। পিছিয়েছে মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। প্রত্যেক বছর এই মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যেই প্রকাশ হয় মাধ্যমিকের ফলাফল। কিন্তু এবার করোনাভাইরাসের জন্য লকডাউনের জেরে তা পিছিয়ে যায়। তবে এবার সুখবর, রাজ্য স্কুল শিক্ষা দফতর থেকে জানানো হয়েছে যে লকডাউন ওঠার পরেই চলতি বছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হতে পারে বলে আশা করছেন তাঁরা।

সূত্রের খবর পর্ষদের দেওয়া সময়সীমা অনুযায়ী মাধ্যমিকের উত্তরপত্রের ৬০ শতাংশের কাছাকাছি জমা পড়ে গেছে প্রধান পরীক্ষকদের কাছে। তার সঙ্গে উত্তরপত্র পিছু নম্বর অনেকটাই জমা পড়ে গেছে পর্ষদেও। কিন্তু এখনও অনেক উত্তরপত্র শিক্ষকদের মূল্যায়ন বাকি থাকায় সেগুলি মূল্যায়নকারী শিক্ষকদের কাছেই পড়ে রয়েছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, তাই সেই উত্তরপত্র গুলি মূল্যায়নকারী শিক্ষকদের কাছ থেকে সংগ্রহ করার জন্য একাধিক পরিকল্পনা ইতিমধ্যেই নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন ‘আমাদের তরফে অনেক বিষয় ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। লকডাউন উঠলেই এই বিষয় আমরা আমাদের ভাবনা চিন্তা গুলিকে কার্যকর করার দিকে এগোবো।’ ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে মূল্যায়নকারী শিক্ষকদের দুই বার করে উত্তরপত্র মূল্যায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয় বিষয় পিছু নম্বর দেওয়া় শিটে নথিবদ্ধ করে রাখার কথাও বলা হয়েছে।

আরও অন্যান্য খবর