গর্ভবতী মহিলাকে হাসপাতালে পৌঁছে দিল পুলিশ, নবজাতকের নাম রাখলেন মা সেই পুলিশের নামে

এত কষ্টের মাঝেও মানবিকতার মুখ দেখলে এই কঠিন পরিস্থিতিতে আমাদের ভাল লাগছে। সেই মানবিকতা যদি একজন পুলিশ দেখায় তবে কোথায় যেন অপার্থিব ভাললাগায় মনটা ভরে ওঠে। বৃহস্পতিবার দিল্লিতে এরকমই এক ঘটনা মন ভরাল সাধারণ মানুষের।

অনুপমা দেবী নামে গর্ভবতী এক মহিলা দিল্লিতে বৃহস্পতিবার প্রায় ২ ঘন্টা ধরে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিলেন। এরপর তার শ্বশুর শাশুড়ি  পুলিশের কাছে সাহায্য চান। পরে দয়বীর সিং নামের এক দিল্লি পুলিশ কনস্টেবল তাঁকে উদ্ধার করতে আসেন। তিনি এসে দ্রুত অনুপমা দেবীকে হিন্দু রাও হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। এরপর সেই পুলিশের নামেই নবজাত শিশুর নাম রাখলেন মা।

এই প্রসঙ্গে অনুপমাদেবী জানান, পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পুলিশ তাকে সাহায্য করতে এসেছিল। আমি আমার সন্তানের নাম দয়বীর রেখেছি।

পুলিশ কনস্টেবল দয়বীর সিং বলেন “ ওই মহিলার পরিবার একটি অ্যাম্বুলেন্স ঠিক করার চেষ্টা করছিলেন। কিন্তু অ্যাম্বুলেন্স না পেয়ে তারা আমাদের এসএইচওকে ফোন করে। এরপরেই আমাকে মহিলার সহায়তা করতে যেতে বলা হয়েছিল।”

অশোক বিহার থানার এসএইচও আরতি শর্মা জানিয়েছেন, ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই কনস্টেবল দয়বীর ওই মহিলাকে সহায়তা করতে গিয়েছিলেন। লকডাউনের মধ্যে দিল্লি পুলিশ জনগণকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

আরও অন্যান্য খবর