এবার করোনা কাড়ল রাজ্যের এক স্বাস্থ্য আধিকারিকের প্রাণ। শনিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রথম রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনও স্বাস্থ্য আধিকারিকের মৃত্যু হল। তিনি সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের দায়িত্বে ছিলেন।
গত কয়েক দিন ধরে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনা ভাইরাস পরীক্ষার জন্যে সোয়াব নমুনা পাঠানো হয়। তাতে
তাঁর রিপোর্ট পজিটিভ আসে। শনিবার সন্ধে থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় তাঁকে। এর পর গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যদিও তাঁর মৃত্যু করোনায় কিনা সে বিষয়ে সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।
অন্যদিকে, রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৩-এ। শুক্রবার এই সংখ্যা ছিল
৩৮৫। একদিনে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে এতটাই। তবে মৃতের সংখ্যা একই রয়েছে বলে জানিয়েছে রাজ্য। শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে হয়েছে ৪২৩। মৃতের সংখ্যা ১৮-ই রয়েছে। এখনও পর্যন্ত মোট ১০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
যদিও সরকারি মৃতের সংখ্যা নিয়ে চারিদিকে চাপানউতোর চলছেই। অভিযোগ উঠেছে, সরকার রাজ্যে প্রকৃত
মৃত্যু সংখ্যা প্রকাশ করছে না। যদিও রাজ্য এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে।





