ফেব্রুয়ারির শেষ দিকে শীতের বিদায় প্রায় নিশ্চিত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। গত কয়েকদিন ধরেই রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকছে। আবহাওয়াবিদদের মতে, এবার হিমেল বাতাসের বদলে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। এর ফলেই গরমের অনুভূতি বাড়ছে। তবে শীত বিদায় নিলেও দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া। এই জেলাগুলির জন্য বুধবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম ও নদিয়ায়। একই সঙ্গে, উত্তরবঙ্গেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনকি দার্জিলিঙে সামান্য তুষারপাতও হতে পারে।
কলকাতার আবহাওয়া নিয়ে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ৪.৯ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩১ ডিগ্রির মধ্যে। অর্থাৎ, শীতল আবহাওয়া না থাকলেও ফেব্রুয়ারির শেষের দিকে রোদ-বৃষ্টির লুকোচুরি চলবে। আলিপুর জানিয়েছে, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। তবে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, মঙ্গলবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যের উপর প্রভাব ফেলতে চলেছে। এর কারণেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প আরও বাড়বে, যা গরমের অনুভূতি বাড়িয়ে দেবে। উত্তরের জেলাগুলিতেও এর প্রভাব পড়বে। বুধবার থেকে জলপাইগুড়ি, কোচবিহার-সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। এসব জায়গায় দৃশ্যমানতা কমে ৫০ মিটারে নেমে যেতে পারে।
আরও পড়ুনঃ বুধের অবস্থান বদলে আনবে সুখ ও সমৃদ্ধি! জানুন কোন রাশির জাতকরা পাবেন সবচেয়ে বেশি উপকার!
তবে টানা বৃষ্টির সম্ভাবনা নেই। শীত বিদায় নিলেও আগামী কয়েকদিন রাজ্যে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। একদিকে যেমন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অন্যদিকে দিনের তাপমাত্রা আরও একটু বাড়তে পারে। অর্থাৎ, ফেব্রুয়ারির শেষ ও মার্চের শুরুটা বৃষ্টির সঙ্গে উষ্ণ আবহাওয়ায় কাটবে বঙ্গবাসীর।






