Ssc scam : ডিএম অফিসে বিজেপির অভিযান, মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তুলে চুঁচুড়ায় তীব্র বিক্ষোভ!

চাকরি প্রার্থীদের চোখে ঘুম নেই। স্কুলে শিক্ষক নিয়োগের স্বপ্ন দেখে যাঁরা বছরের পর বছর পড়াশোনা করেছেন, তাঁদের ভবিষ্যৎ আজ অনিশ্চয়তায় ঘেরা। অন্যদিকে, সমাজে একের পর এক হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা সাধারণ মানুষের মনে ভয় আর ক্ষোভ তৈরি করছে। কেবল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই নয়, এখন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন বহু মানুষ। তাঁদের দাবি, সরকার যদি ন্যায্য বিচার না দেয়, তবে এভাবে আর চুপ করে বসে থাকা যাবে না।

কোনও রাজনৈতিক দলের পক্ষ বা বিপক্ষ নয়, বরং যাঁরা বছরের পর বছর পড়ে এসেছেন এসএসসি পরীক্ষার জন্য, আজ তাঁদের লড়াই জীবন ও মৃত্যুর মাঝে। যাঁরা ধর্মীয় দিক থেকে আক্রান্ত হচ্ছেন, তাঁদের ভয়টা শুধুই বর্তমানের নয়, ভবিষ্যতেরও। চুঁচুড়ার মতো শান্ত শহরেও যখন এরকম ক্ষোভের স্ফুলিঙ্গ জ্বলতে শুরু করে, তখন বোঝা যায়, ভিতরে ভিতরে কতটা আগুন জমে আছে।

আজ, সোমবার সকালে চুঁচুড়ার ডিএম অফিস চত্বর হঠাৎই উত্তাল হয়ে ওঠে। একাধিক বিজেপি কর্মী-সমর্থক ডিএম অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড, পোস্টার আর মুখে ছিল একটাই দাবি— এসএসসি দুর্নীতিতে রাজ্য সরকারের জবাবদিহি ও হিন্দুদের উপর হওয়া অত্যাচারের বিচার। যদিও এই বিক্ষোভ যে পরিকল্পিত এবং রাজনৈতিক ছিল, তাতে কোনও সন্দেহ নেই। তবে স্থানীয়দের মতে, আন্দোলনটা রাজনৈতিক হলেও বিষয়টা তাঁদের জীবনঘনিষ্ঠ।

পুলিশ প্রাথমিকভাবে বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেড বসায়। কিন্তু উত্তেজনা এতটাই চরমে পৌঁছয় যে, এক পর্যায়ে বিজেপি কর্মীরা সেই ব্যারিকেড ভেঙে ডিএম অফিসের দিকে এগোতে থাকেন। দেখা যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি চলছে। এমনকি কয়েকজন কর্মীকে আটক করতেও দেখা যায়। সাধারণ মানুষের দাবি, পুলিশ আর রাজনীতি একসঙ্গে মিশে গেলে গণতন্ত্রের ভবিষ্যৎ দুর্ভাগ্যজনক। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে।

আরও পড়ুনঃ Digital Driving Licence Controversy: ‘ডিজিলকার’ কি আইনসিদ্ধ নয়? কাগজ দেখালেও চলছে পুলিশের মারধর!

এসএসসি কেলেঙ্কারি ও ধর্মীয় নির্যাতনের ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে বিজেপি। তাঁদের বক্তব্য, ২৫ হাজারেরও বেশি চাকরি বাতিল, হিন্দুদের উপর একের পর এক হামলা, সবই রাজ্য সরকারের ব্যর্থতার পরিচয়। বিজেপির তরফে নেতারা জানান, “মুখ্যমন্ত্রী হিন্দুদের ঘৃণা করেন, বলেই মুর্শিদাবাদের মতো ঘটনায় তিনি চুপ থেকেছেন।” চুঁচুড়ার মতো জায়গায় এইভাবে প্রতিবাদ হঠাৎ করে শুরু হওয়া নয়— এটা সেই রাগ, যেটা বহুদিন ধরে জমছিল। এখন তা বিস্ফোরণ হয়েছে। প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে বিজেপি জানিয়েছে, তারা আন্দোলন জারি রাখবে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর