ওয়াশিংটন: ভারতের সঙ্গে বড়সড় বাণিজ্য চুক্তির পথে হেঁটেছে আমেরিকা? এখনও পর্যন্ত ভারত সরকারের তরফে সে রকম কিছু জানানো হয়নি, তবে মুখ খুলেছেন খোদ মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ভারতের জন্য এক “দারুণ চুক্তি” অপেক্ষা করছে।
গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, “আমাদের কাছে কিছু অসাধারণ চুক্তি রয়েছে। হয়তো আরেকটি বিশাল চুক্তি আসছে, ভারতের সঙ্গে। এটা হবে বিরাট বড় চুক্তি।”
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই ভারত ও আমেরিকার প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন। টানা চার দিন রুদ্ধদ্বার আলোচনায় উঠে আসে একাধিক চুক্তির সম্ভাবনা। তারপরেই ট্রাম্পের এই মন্তব্য নতুন করে জল্পনা বাড়িয়েছে।
ট্রাম্প আরও বলেন, “আগে যখন আমাকে সাংবাদিকেরা প্রশ্ন করত, চুক্তি করতে আগ্রহী কেউ আছে কি না—তখন আমি নিশ্চিত ছিলাম না। অথচ এখন সবাই চুক্তির জন্য মুখিয়ে। আমরা চিনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি। ভারতের সঙ্গেও তেমন কিছু হতে চলেছে।”
আরও পড়ুনঃ Digha rath yatra: দিঘায় জগন্নাথের জন্য মুখ্যমন্ত্রীর উপহার, কালীঘাট থেকে এল বিশেষ ফল ও পোশাক!
তবে ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সব দেশের সঙ্গে চুক্তি নয়। তাঁর কথায়, “আমরা সবাইকে নিয়ে চুক্তি করব না। কিছু দেশকে শুধু ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠাব। তাদের ২৫, ৩৫ বা ৪৫ শতাংশ হারে ট্যারিফ দিতে হবে। এটা সহজ উপায় হলেও আমার টিম আরও চুক্তি চায়।” এই মন্তব্যে স্পষ্ট, ট্রাম্প প্রশাসনের নজরে ভারত বিশেষ জায়গা পাচ্ছে। এখন দেখার, ভারত-আমেরিকা এই সম্ভাব্য ‘বিরাট চুক্তি’ আদৌ কতটা বাস্তবের রূপ পায়।





