ঘর খোলা, গেট হাট করে! বাজার থেকে ফিরে সামনে যা দেখলেন মা, তা কোনও দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। মেয়ের ঘরের সামনে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে গেলেন। ভিতরে যা ঘটছিল, তা তিনি কোনওদিন ভাবেননি। নিজের চোখের সামনে নিজের নাবালিকা মেয়েকে দেখলেন চার কিশোরের হেনস্থার শিকার হতে!
ঘটনাটি উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের কবিনগর এলাকায়। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাড়িতে একা ছিল নবম শ্রেণির এক ছাত্রী। সেই সুযোগেই ইনস্টাগ্রামে আলাপ হওয়া এক কিশোর তার সঙ্গে দেখা করতে আসে। তার সঙ্গে আসে আরও তিন কিশোর। সবাই একই স্কুলের ছাত্র, নবম, দশম ও একাদশ শ্রেণিতে পড়ে। অভিযোগ, জোর করে তারা মেয়েটির ঘরে ঢুকে পড়ে এবং একটি ঘরে নিয়ে গিয়ে মেয়েটিকে বিবস্ত্র করতে থাকে।
চারজন অভিযুক্তই অপ্রাপ্তবয়স্ক। একজন ইনস্টাগ্রামের বন্ধু হলেও বাকি তিনজন মেয়েটির স্কুলেরই ছাত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছেলেরা মেয়েটির সম্মতি ছাড়াই বাড়িতে প্রবেশ করে। তার পর ঘরের দরজা বন্ধ করে শুরু হয় পাশবিক নির্যাতন। ঘটনার সময় মেয়েটি প্রচণ্ড আতঙ্কে ছিল, চিৎকারও করতে পারেনি বলে জানিয়েছে পরিবার।
মেয়েটির মা বাজার সেরে ফিরে এসে দেখেন বাড়ির গেট ও মূল দরজা খোলা। সন্দেহ হওয়ায় দ্রুত ঘরে ঢোকেন। সামনে যা দেখেন, তা তাঁকে স্তব্ধ করে দেয়। মেয়েকে ঘর থেকে কোনওক্রমে টেনে বের করে আনেন তিনি এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেন।
আরও পড়ুনঃ Satyajit Ray : সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙছে বাংলাদেশে! ইউনূস সরকারের সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ, কড়া বার্তা দিল কেন্দ্র!
খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছে চার অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে। গাজ়িয়াবাদের এসিপি ভাস্কর বর্মা জানান, ‘‘নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা চলছে। চারজন অভিযুক্তই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অত্যন্ত সংবেদনশীলভাবে তদন্ত করা হচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘এই অভিযোগ অত্যন্ত গুরুতর। সঠিক ও নিরপেক্ষ তদন্তের জন্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।’’






