BJP MLA on SIR & CAA: ভোটার তালিকা থেকে নাম মুছে গেলেও চিন্তা নেই! সিএএ-র আশ্বাসে নতুন বিতর্ক, বিজেপি বিধায়কের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি!

রাজ্যে শুরু হতে চলেছে ভোটার তালিকার সংশোধন (SIR)। কিন্তু এই প্রক্রিয়াকে ঘিরে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আশঙ্কা। বিশেষ করে সীমান্ত লাগোয়া জেলাগুলিতে আতঙ্কের বাতাবরণ। অনেকে আশঙ্কা করছেন, নাম যদি ভোটার তালিকা থেকে কেটে যায় তবে নাগরিকত্ব নিয়ে জটিলতা দেখা দিতে পারে। অন্যদিকে, কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, বাংলাদেশ থেকে আসা একাংশ অনুপ্রবেশকারী নিজের দেশে ফেরার চেষ্টা করছে। এর মাঝেই হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের এক মন্তব্যে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

রাজ্যের মতুয়া সম্প্রদায়ের মধ্যে এই মুহূর্তে অনিশ্চয়তার ছায়া পড়েছে। অনেকেই ভাবছেন, ভোটার তালিকা সংশোধনের সময় তাঁদের নাম বাদ পড়ে যেতে পারে। ঠিক সেই প্রেক্ষিতেই বিজেপি বিধায়ক অসীম সরকার সোশ্যাল মিডিয়ায় একটি পরামর্শ দেন, যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।

অসীম সরকার বলেন, “এসআইআর-এ নাম কেটে দিলেও এইটুকু বলতে পারি, সিএএ-তে আবেদন করলে আপনি নাগরিকত্ব পাবেন এবং ভোটার তালিকায় নাম উঠবেই।” তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যে আইন কার্যকর রয়েছে তাতে ধর্মের ভিত্তিতে কোনও বিভাজন নেই। যাঁদের নাম থাকার কথা, তাঁদের নাম থাকবে, অন্যদের নাম বাদ পড়বে।

বিধায়ক বিস্তারিতভাবে জানান, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে জন্ম নেওয়া এবং ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা নাগরিকদের কোনও সমস্যা হবে না। তবে ১৯৮৭ থেকে ২০০৪ সালের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে শর্ত হলো, তাঁদের বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকতে হবে। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, (CAA)-এর ৬(বি) ধারায় বলা আছে— কেউ যদি ফর্ম পূরণ করেন, তাহলে রিসিট পাওয়ার আগ পর্যন্ত তাঁর নাগরিক সুবিধা বজায় থাকবে।

আরও পড়ুনঃ Lucknow : বিশ্বে নবাবি স্বাদের জয়ধ্বনি! ইউনেস্কোর ‘সৃজনশীল শহর’-এর শিরোপা পেল লখনউ, গর্বে উজ্জ্বল ভারত!

যদিও অসীম সরকার দাবি করেছেন, তিনি কোনও সম্প্রদায়ের নাম টেনে কিছু বলেননি, বরং কেবল ভারত ভাগের বলি উদ্বাস্তুদের প্রসঙ্গ তুলেছেন। কিন্তু বিরোধী শিবিরের অভিযোগ, তাঁর বক্তব্যে আসলে অ-মুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ইঙ্গিত রয়েছে। ফলে ভোটার তালিকা সংশোধনের আগেই রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে উঠেছে রাজ্যে। এসআইআর ও সিএএ— এই দুই ইস্যুতে এখন রাজ্যের রাজনীতি সরগরম।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর