মিলল পোস্ট প্রোডাকশন শুরুর অনুমতি, লকডাউনেই ছন্দে ফেরার ইঙ্গিত টলিপাড়ার

চতুর্থ দফার লকডাউন ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যেই টালিগঞ্জের পাড়ায় সুখবর। সিরিয়াল সিনেমার শ্যুটিং শুরু হওয়ার অনুমতি না মিললেও পোস্ট প্রোডাকশন শুরুর অনুমতি ইতিমধ্যেই দিয়ে দিয়েছে রাজ্য সরকার।

লকডাউনের জন্য টলিপাড়ায় সিরিয়াল থেকে সিনেমার শ্যুটিং দীর্ঘ দিন ব্যাপী বন্ধ হয়ে রয়েছে। ফের কবে শ্যুটিং শুরু করা সম্ভব হবে, তার উত্তর এখনই কেউ দিতে পারছেন না। তবে শোনা যাচ্ছে, রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকাতে কনটেনমেন্ট হিসাবে চিহ্নিত এলাকাগুলির বাইরে সিনেমা ও টেলিভিশনের পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী এবার ছবি ও সিরিয়ালের সাউন্ড মিক্সিং, ডাবিং, এডিটিং-এর মতো কাজগুলি শুরু করা যাবে।

ফেডারেশন অফ সিনেমা টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, ”গত পরশু মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে আমরা আবেদন করেছিলাম। আমাদের আবেদন ছিল পোস্ট প্রোডাকশনের কাজ যদি শুরু করা যায়। গতকাল চিফ সেক্রেটারি আমাকে একটি চিঠি পাঠিয়েছেন। তাতে প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে, মাস্ক পরে পোস্ট প্রোডাকশন শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান “পোস্ট প্রোডাকশন শুরু হলেও শ্যুটিং এখনই শুরু হচ্ছে না। লকডডাউন ওঠার পর পরিস্থিতি বুঝেই শ্যুটিং শুরুর কথা ভাবা হবে। সেটা পুরোটাই পরবর্তীকালে পরিস্থিতি কোন দিকে এগোয় তার উপর নির্ভর করছে। এখনই শ্যুটিং শুরু হচ্ছে না।”

RELATED Articles

Leave a Comment