কিছুদিন আগে সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। গত সপ্তাহে চিকিৎসকদের পরামর্শে ইএম বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভরতিও হন তিনি। আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বটে তবে এখনও ১৪ দিন আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।
গত মাসের শেষের দিকে তাঁর বাড়ির পরিচারিকা করোনায় আক্রান্ত হন। এরপর নির্দেশিকা মেনে মন্ত্রী এবং তাঁর পরিবারের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়।আগে থেকে তাদের কারোরই করোনার কোনো উপস্বর্গ ছিল না। তবে পরীক্ষার ফলাফল এলে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর শরীরে করোনার উপস্থিতি দেখা যায়। সে কারণে প্রথমদিকে তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। এরপর একে একে করোনা সংক্রামিত হন তাঁর স্ত্রী ও ছেলে। তাই চিকিৎসকরা তাকে পরামর্শ দেন হাসপাতালে ভরতি হওয়ার। এরপর আজ তিনি করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন।
সুজিত বসুর করোনা আক্রান্তের খবর ছড়িয়েছিল রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের ঘরে ঘরে। যার জেরে সবার মনেই উদ্বেগের সৃষ্টি হয়। তাঁর সুস্থ হয়ে ওঠার কামনা করেন বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা সব্যসাচী দত্ত। এছাড়া অসুস্থতার খবর পেয়ে কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে তাকে ফোন করে খোঁজ নিয়েছেন। এছাড়াও গায়ক অভিজিৎ, জিৎ গঙ্গোপাধ্যায় সকলেই ফোন করে দমকল মন্ত্রীর শারীরিক খোঁজ নেন। বাংলাদেশের সাংসদ শেখ হালাম এবং প্রধানমন্ত্রীর ভাইও ফোনে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। পরিচিতদের কাছ থেকে ফোন পেয়ে খুশি দমকল মন্ত্রী।





