বাংলার বুকে দিন প্রতিদিন বেড়েই চলেছে হিন্দি ভাষার দৌরাত্ম। বাংলার মাটিতে রেডিও স্টেশনগুলি নিজেদের ব্যবসা জমিয়ে বিপুল হারে বাজিয়ে চলেছে হিন্দি সিনেমার গান। আর সেই বলিউডি গানের ভিড়ে ব্রাত্য হয়ে যাচ্ছে আমাদের বাংলা গান, বাংলা ভাষা। সম্প্রতি রেডিও স্টেশনগুলোতে বাংলা গান চালানের দাবি তোলে বাংলা পক্ষ সহ বাংলা ব্যান্ড ‘ভূমি’র সৌমিত্র এবং রুপঙ্কর বাগচীর মতো বেশ কিছু সংগীত শিল্পী। এবার বাংলা পক্ষের দাবিকে সমর্থন জানিয়ে রেডিওতে বাংলা গান বাজানোর দাবি নিয়ে সরব হলেন এই প্রজন্মের দুই বিখ্যাত গায়িকা উজ্জয়িনী মুখার্জী ও মধুরা ভট্টাচার্য।
বাংলা পক্ষের দাবিকে সমর্থন জানিয়ে উজ্জয়িনী মুখার্জী বলেন, ‘বাংলা পক্ষের কারণে আবার বাংলা গান নিয়ে কিছু বলার সাহস পেলাম। আমি স্কুল জীবনে এফ এম এ বাংলা গান শুনেই বড়ো হয়েছি। ১০৬.২ “আমার এফ এম” এ তখন শুধুই বাজত বাংলা গান। তবে বাংলা সিনেমার গান নয় বরং বাংলা শিল্পীদের মৌলিক গান। আমি ছোট থেকে লোপামুদ্রাদি, রূপঙ্করদা, শুভমিতাদি, শ্রীকান্ত দার গান শুনেই বড়ো হয়েছি। কিন্তু এখন আমাদের জেনারেশন তাদের মতো সুযোগ আর পাচ্ছে কই?’
https://www.facebook.com/kausikmaiti2010/videos/3212686155465857/
তিনি নিরাশার সুরে বলেন, ‘আমাদের কন্টেন্ট মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে না, যেটা আগে আমার সিনিয়ররা পেয়েছেন। শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয় তার জন্য রেডিও স্টেশনগুলিও প্রয়োজন। আমি জানি রেডিও স্টেশনগুলির ওপর হিন্দি গান বাজানো নিয়ে অনেকরকম চাপ দেয় তাদের ‘হেডঅফিস’। কিন্তু তাও আমি অনুরোধ করব বাংলা ভাষা, বাংলা গানকে বাঁচাতে আপনারা কিছুটা হলেও বাংলা গান বাজান।’
বাংলা পক্ষের অনুরোধে অপর এক সংগীত শিল্পী মধুরা ভট্টাচার্য এফ এমে বাংলা গান বাজানোর দাবিকে সমর্থন করেন বলেন, ‘আমরা অনেকদিন ধরে এই লড়াই চালাচ্ছি কিন্তু কোনো ফল পাচ্ছি না। মানুষজন এখন অনেকই বলেন বাংলায় নাকি ভালো গান হচ্ছে না। কিন্তু কথাটি ঠিক নয়। এই প্রজন্মের অনেক শিল্পীই রয়েছেন যারা তাদের প্রতিভাকে তুলে ধরছেন কিন্তু প্রচারের অভাবে তা সবার কাছে পৌঁছচ্ছে না। আমার ক্ষেত্রেও এমন হয়েছে। নতুন কোনো মৌলিক বাংলা গান প্রকাশের পর আমি অনেক রেডিও চ্যানেলে কথা বলেছি কিন্তু তারাও তাদের সীমাবদ্ধতার জন্য সেই গান বাজাতে পারে নি। তাই তাদের উর্ধতন কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, আপনারা বাংলায় রেডিও চ্যানেল চালিয়ে বাংলা গান এত কম চালালে কিভাবে হবে বলুন তো? আমাদের গান ও আমাদের ভাষাকে বাঁচিয়ে রাখতে বাংলা গানের প্রচার একান্ত প্রয়োজন।’
https://www.facebook.com/kausikmaiti2010/videos/3210094362391703/
তিনি বাংলা এফ এম এর শ্রোতাদের উদ্দেশ্য করে বলেন, ‘রেডিও চ্যানেলগুলিতে কেমন গান বাজানো হবে তা অনেকাংশেই নির্ভর করে শ্রোতাদের ওপর। তাই আপনারা যদি এফ এম এ নতুন বাংলা গান শোনার অনুরোধ জানান তবে ওরা নিশ্চয়ই বাংলা গান বাজাবে এবং বাংলা গান সবার কাছে পৌঁছবে।’






