টেলিকম সংস্থাগুলির বকেয়া ঋণ বিষয়ক আবেদন খারিজ করল শীর্ষ আদালত

বাকি রাখা টাকার বিষয় টেলিকম সংস্থাগুলির কোনো যুক্তিই আর খাটল না সুপ্রিম কোর্টের কাছে। ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া-র মতো টেলিকম সংস্থাগুলি ১.৬ লাখ কোটি টাকার বকেয়া ঋণ পরিশোধ করা নিয়ে মামলা করেছিল শীর্ষ আদালতে। এবার সেই আবেদন খারিজ করেছে আদালত।

অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (AGR) সংক্রান্ত বিষয়ে টেলিকম সংস্থাগুলি তাদের বাকি থাকা ঋণের টাকা নিয়ে পুনর্মূল্যায়নের আবেদন করে। এদিন সেই মামলার শুনানির সময় বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি এস আবদুল নাজির ও বিচারপতি এম আর শাহের বেঞ্চ এ দিন স্পষ্ট জানিয়ে দেয় এই বিষয়ে এক মুহূর্তও তারা আর কোনও কিছু শুনতে রাজি নয়।

এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে টেলিকম সংস্থাগুলি তাদের বকেয়া ঋণ মেটানোর জন্য ২০ বছর সময় চেয়ে আবেদন করেছিল শীর্ষ আদালতে। কিন্তু সেই মামলার আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, ১৫ অথবা ২০ বছর ঋণ পরিশোধের কোনো সময়কাল হতে পারে না। সংস্থাগুলিকে ঋণ মেটানোর জন্য নির্দিষ্ট সময় জানাতে হবে। এছাড়া কিছু কিছু টেলিকম সংস্থা জানিয়েছে যে তারা দেউলিয়া হয়ে গেছে। তাই তাদের পক্ষে ঋণ মেটানো প্রায় অসম্ভব। এর পর আদালত এই বিষয়টিও যাচাই করে দেখার নির্দেশ দিয়েছে।

ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া-র মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে নিজেদের বকেয়া ঋণ পরিশোধের জন্য নির্দিষ্ট সময় জানানোর পাশাপাশি এই খাতে কিছু টাকা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। এর মাধ্যমে তারা সত্যিই টাকা দিতে ইচ্ছুক কিনা সে বিষয় জানা যাবে। একই সঙ্গে গত ১০ বছরে যাবতীয় লেনদেনের তথ্য সুপ্রিম কোর্টকে পেশ করার কথাও জানানো হয়েছে।

RELATED Articles

Leave a Comment