আমাদের সূত্রকে সঠিক প্রমাণিত করে আগামীকাল সকাল ১০ টায় রাজীব কুমারকে তলব করলো সিবিআই আধিকারিকরা। সোমবার সকাল ১০ টায় তাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছিল যে আজ সন্ধ্যেয় রাজীব কুমারের বাড়িতে হানা দিয়েছিলেন চার জন সিবিআই আধিকারিকের একটি দল। তবে ঠিক কি কারণে এই হানা তা তখনও স্পষ্ট হয়ে ওঠেনি। আমরা আগেই জানিয়েছিলাম যে, এখনই রাজীব কুমারকে গ্রেফতারি নয় বরং ফের তলব করার কথা ভাবছে সিবিআই। আমদের সেই তথ্যকেই সঠিক প্রমাণিত করে আজ পার্কস্ট্রিটের পুলিশ কোয়ার্টারে রাজীব কুমারের নিকট গিয়ে তাকে তলবের নোটিশ ধরালেন সিবিআই আধিকারিকরা।
সারদা কান্ডের তথ্য ও প্রমাণ নষ্টে অভিযোগ রয়েছে আইপিএস অফিসার রাজীব কুমারের বিরুদ্ধে। এই নিয়ে জলঘোলা কম হয়নি। এর পূর্বে শিলং-এও রাজীব কুমারকে তলব করেছিলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু সেসময় রাজীব কুমার সিবিআই আধিকারিকদের অসহযোগিতা করেন বলে অভিযোগ৷ এরপরই মামলাটি যায় সুপ্রিম কোর্টে। সেখানে সিবিআই আধিকারিকদের রাজীব কুমারকে জেরা করার অধিকার দিলেও, তাকে সুপ্রিম কোর্ট দেয় একটি রক্ষাকবচ, যার দরুণ তাকে গ্রেফতার করতে পারবেনা সিবিআই। কিন্তু সেই রক্ষাকবচের মেয়াদ ফুরিয়েছে, এমনকি রাজীব কুমারের আগাম জামিনও জোগাড় হয়নি। তাই এখন যে কোনো সময়ই রাজীব কুমারকে আটক করতে পারেন সিবিআই আধিকারিকরা। কিন্তু তা হয়নি, আমদের সূত্রকে সঠিক প্রমাণিত করে আপাতত রাজীব কুমারকে তলবের নোটিশ ধরালেন সিবিআই আধিকারিকরা। তলবে রাজীব কুমার অসহযোগিতা করলে কিংবা তাঁর বিরুদ্ধে বিশেষ কিছু প্রমাণ পাওয়া গেলে তবেই তাকে সিবিআই আধিকারিকরা গ্রেফতার করবেন বলে সূত্রের খবর।