গোঘাটের বিজেপি কর্মী গণেশ রায়ের (Ganesh Roy) খুন হওয়া নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। ঘটনাচক্রে গতকাল থেকে পাওয়া যাচ্ছিল না তার পরিবারকে। যার জন্য আরামবাগের এসডিপিও অফিস এর সামনে ধর্নায় বসে ছিলেন সৌমিত্র খাঁ সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব। রাতে তড়িঘড়ি এসডিপিওকে বদলিও করে দেওয়া হয়।
এরপরেই মঙ্গলবার সকালে হঠাৎ করেই ফিরে আসেন গণেশ বাবুর পরিবার। ফিরে এসে জানান, তারা এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন! বিজেপি (BJP) তাদের খোঁজ নেয়নি, তাদেরকে দেখভাল করছে তৃণমূল (TMC)!
হঠাৎ করে গণেশ বাবুর পরিবারের এই ভোল বদলে রীতিমতো চমকে গিয়েছে বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, এর থেকে স্পষ্ট তৃণমূল এই পরিবারকে লুকিয়ে রেখেছিল এবং তাদেরকে চাপ দিয়ে এখন উল্টো কথা বলানো হচ্ছে।
সোমবার গোঘাটে নিহত বিজেপি কর্মী গণেশ বাবুর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল সায়ন্তন বসু এবং সৌমিত্র খাঁ’র। হঠাৎ করেই জানা যায় যে তাদেরকে আর পাওয়া যাচ্ছে না। এরপরই আরামবাগের এসডিপিও বিরুদ্ধে বিজেপি অভিযোগ তোলে যে, তিনি এই পরিবারকে কোথাও সরিয়ে রেখেছেন যাতে তারা কোনো বক্তব্য না রাখতে পারে। এছাড়া তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলে বিজেপি।
মঙ্গলবার সকালে হঠাৎ করেই বাড়ি ফিরে আসে গণেশবাবুর পরিবার এবং সংবাদমাধ্যমের কাছে জানায় যে, আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল তারা। সঙ্গে তাঁদের দাবি, ঘটনার পর থেকে বিজেপির সাহায্য পাননি তাঁরা। বদলে সাহায্য করতে এগিয়ে এসেছে তৃণমূল।
গোটা ঘটনা নিয়ে রীতিমতো রহস্য তৈরি হয়েছে। গত রবিবার সকালে গোঘাট স্টেশনের কাছ থেকে উদ্ধার হয় বিজেপি কর্মী গণেশ রায়ের ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ ছিল তৃণমূল গোটা ঘটনাটি ঘটিয়েছে। এদিকে দু’দিনের মধ্যেই তাদের সুর পাল্টানোয় স্বাভাবিকভাবেই বিজেপির অভিযোগ ক্রমশ সত্যি হওয়ার দিকেই এগোচ্ছে।





