স্কুলে মিড ডে মিল রান্নার ক্ষেত্রে নয়া গাইডলাইন কেন্দ্রের, আংটি চুড়ি নেইল পলিশ পরে করা যাবে না রান্না

আগামী ১৫ই অক্টোবর থেকে দেশজুড়ে ধাপে ধাপে খুলতে চলেছে স্কুল। সমস্ত রকম বিধিনিষেধ মেনে চালাতে হবে স্কুল। স্কুল পড়ুয়া, শিক্ষক, ও শিক্ষাকর্মীদের মেনে চলতে হবে করোনার স্বাস্থ্যবিধি। এরই সঙ্গে স্কুলে স্কুলে মিড ডে মিল রান্না করা ও তা পরিবেশনের ক্ষেত্রে নতুন নির্দেশ জারি করল কেন্দ্র সরকার।

কোনওভাবেই যাতে মিড ডে মিলের সময় ভিড় বা জটলা না হয়, তার জন্য মিড ডে মিল দেওয়ার সময়সীমা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, যারা মিড ডে মিল রান্না করবেন, তারা আংটি, চুড়ি, বা নেইল পলিশ পরতে পারবেন না, এও নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর-এর তরফ থেকে।

এমনকি, মিড ডে মিল রান্না ও তা পরিবেশনের ক্ষেত্রেও থাকছে নতুন নিয়মাবলী। মিড ডে মিল যে রান্না করবেন ও তাকে যে বা যারা সহযোগিতা করবেন, তারা যেন কেউ করোনায় আক্রান্ত না হন, তা নিশ্চিত করার দায়িত্ব জেলা প্রশাসকের। সব রাঁধুনি ও কর্মীদের স্কুলে ঢোকার আগে থার্মাল স্ক্রিনিং করা বাধ্যতামূলক করতে হবে। সব কর্মচারী যাতে মাস্ক ব্যবহার করেন, সেদিকে কড়া নজর দিতে হবে। স্কুলে ঢোকার আগে প্রত্যেক কর্মীকে একটি স্ব-ঘোষণাপত্র ফর্ম জমা দিতে হবে ও তাতে নিজের ও তার পরিবারের সদস্যদের সুস্থতার বিষয়ে সব তথ্য জানানো বাধ্যতামূলক।

এছাড়াও এই নির্দেশিকায় বলা হয়, রাঁধুনি ও কর্মচারীদের প্রতিরক্ষামূলক অ্যাপ্রন ও হেড গিয়ার প্রদান করতে হবে। থুতু ফেলা ও নাক ঝাড়ার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মিড ডে মিলের জন্য কেটে রাখা সবজি নুন ও হলুদ বা ৫০ পিপিএম ক্লোরিনের মিশ্রণ দিয়ে পরিষ্কার করে ধুতে হবে। সামাজিক দূরত্ব মেনে পড়ুয়াদের খাবারের জায়গা নিশ্চিত করতে হবে। তাদের শ্রেনিকক্ষে খাবার দেওয়া সম্ভব কী না, সে বিষয়ে ভেবে দেখা যেতে পারে। রান্না করে বেশীক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই তা পড়ুয়াদের পরিবেশন করতে হবে, এমন নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

RELATED Articles

Leave a Comment