শুধুমাত্র মানুষের মেধার উপর ভিত্তি করেই ভারতকে ৫ লক্ষ কোটি টাকার অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এতে সাহায্য করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রেসপন্সিবল এআই ফর সোশ্যাল এমপাওয়ামেন্ট সামিটে ২০২০-তে এমনটাই ঘোষণা করলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি।
তাঁর মতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনোই মানব মেধার বিকল্প হিসেবে কাজ করতে পারে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরও উন্নত প্রযুক্তি ভারত ও বিশ্বের সামনে থাকা বিভিন্ন জটিল সমস্যার সমাধান করবে। এইভাবেই আমাদের ক্ষমতা আরও বেশি করে প্রসারিত হবে। তিনি মনে করেন ভারতের অর্থনীতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই-এর বিশেষ গুরুত্ব রয়েছে।
আম্বানির মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন তা পূরণে এআই-এর বিশেষ অবদান থাকবে। ভারতীয় কৃষির আধুনিকীকরণ, কৃষকদের আয়বৃদ্ধি, গ্রামাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের জন্য উন্নতমানের শিক্ষা ও তাদের প্রতিভা সমৃদ্ধির ক্ষেত্রে এআই-এর সহযোগিতা বিশেষ প্রয়োজন।
এদিন সামিটে মুকেশ আম্বানি বলেন, “প্রথম সারির ডিজিটাল সমাজে পরিণত হওয়ার জন্য ভারতে সবরকম উপাদান রয়েছে। এই উপাদানই বিস্ফোরক ও তাৎপর্যপূর্ণ হারে ডেটা উৎপন্ন করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর জন্য কাঁচামাল হল ডেটা যা ডিজিটাল মূলধন। এটিই আমাদের জাতীয় সম্পদ”।
আমাদের দেশ অতীতে দৈহিক, আর্থিক, মানব জাতি ও বৌদ্ধিক শক্তিকে অস্ত্র করে লড়াই চালিয়েছে। কিন্তু আগামী দিনে দেশ ক্রমশ ডিজিটাল পুঁজিকে প্রাধান্য দেবে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। এই ডিজিটাল পুঁজিই দেশের অর্থনৈতিক বিকাশ, বিপুল কর্মসংস্থানের সুযোগ ও জীবনযাত্রার মান উন্নত করার ক্ষেত্রে আরও সাহায্য করবে বলে আশা রাখেন মুকেশ আম্বানি।






