পাগড়ি বিতর্কে ঘি ঢাললেন রাজ্যপাল! শিখদের কষ্ট বোঝাতে টানলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নাইটহুড’ উপাধি ত্যাগের প্রসঙ্গ

ফের রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল! পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের (West Bengal Government) বিরুদ্ধে পাগড়ি বিতর্কেও দ্রুত সমাধান চেয়ে আবেদন করেন রাজ্যপাল। তিনি বলেন, ‘এই মামলা বেশিদিন চলা একেবারেই উচিত নয়। ওই যুবকের সঙ্গে যা হয়েছে, একেবারে ঠিক হয়নি।‘ নিজেদের গা বাঁচানোর চেষ্টা না করে রাজ্য পুলিশ ও প্রশাসনের উচিত ভুল সংশোধন করা! আজ অর্থাৎ মঙ্গলবার টুইটে একটি ভিডিও পোস্ট করে পাগড়ি বিতর্কে বাংলার সরকারের বিরুদ্ধে সুর চড়ান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)।

বলবিন্দর সিংয়ের মুক্তির দাবিতে রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন দিল্লি শিখ গুরুদোয়ারা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা। বঙ্গ রাজ্যপালের কাছে এই ঘটনার নিরপেক্ষ এবং দ্রুত তদন্তের দাবি জানান তাঁরা।

https://twitter.com/jdhankhar1/status/1315870746929897472?s=20

সেই সাক্ষাতের কথা উল্লেখ করে এদিন ভিডিও বার্তায় রাজ্যপাল বলেন, ‘সেদিন মনজিন্দর সিং সিরসা আমার সঙ্গে দেখা করলে আমার জালিওয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা মনে পড়ে গিয়েছিল। হাজার হাজার কিলোমিটার দূরে হওয়া সেই ঘটনার প্রতিবাদে নিজের ‘নাইটহুড’ উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। তিনি শিখদের সেদিনের দুঃখ বুঝতে পেরেছিলেন।’

https://twitter.com/jdhankhar1/status/1315870746929897472?s=20

তাৎপর্যপূর্ণ ভাবে গত বৃহস্পতিবার বিজেপি–র ‘নবান্ন চলো’ অভিযানে এক বিজেপি নেতার দেহরক্ষী বলবিন্দর সিংয়ের (Balbindar Singh) পাগড়ি খুলে যাওয়ার ঘটনার কথা উল্লেখ করে রবিবার টুইট করে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। জানানো হয়, এই বাংলায় শান্তিতে রয়েছেন শিখ সম্প্রদায়ের মানুষ। সেদিন পাগড়ি খুলে যাওয়ার ঘটনা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। ওই ব্যক্তির কাছ থেকে বন্দুক উদ্ধার হওয়ায় তাকে গ্রেফতার করা হয় এবং যা করা হয়েছে আইনতই করা হয়েছে।

প্রসঙ্গত হাওড়া থানায় দায়ের হওয়া এফআইআরে বিপর্যয় মোকাবিলা আইন, অস্ত্র আইন–সহ মোট ১৬টি ধারায় মামলা করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এতে তাঁর যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।

কিন্তু রাজ্যপালের মতে, এই ঘটনার মীমাংসা করে রাজ্যে মানবাধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের করা টুইটের কথা উল্লেখ করে রাজ্যপাল এদিন ১ মিনিটের ভিডিও বার্তায় বলেন, ‘স্বরাষ্ট্র দফতরের টুইট যেন কাটা ঘায়ে নুনের ছিটে। আমার মতে, এই ঘটনায় স্বরাষ্ট্র দফতর বা পুলিশের বিরোধীর মতো আচরণ করা উচিত নয়। কাটা ঘায়ে নুন নয়, তাদের মলম লাগানো উচিত।’

আরও অন্যান্য খবর