পাকিস্তানের ভাষাতেই তাকে জবাব দিতে হবে, ভারতকে উত্যক্ত করতে পাকিস্তানকে ব্যবহার করছে চীন, বিস্ফোরক অধীর

কাশ্মীরে ফের পাকসেনার হামলা নিয়ে গোটা দেশ উত্তপ্ত। এই হামলার পাল্টা জবাব দেওয়ার দাবী করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তাঁর মতে, পাকিস্তান বারবার এভাবে ভারতের উপর হামলা চালিয়ে আমাদের উত্যক্ত করতে চাইছে, এর বন্ধ হওয়া দরকার।

এদিন লাদাখ সীমান্তে চীন-ভারতের সংঘর্ষের প্রসঙ্গ টেনে অধীরবাবু বলেন লাদাখ সীমান্তে ভারতীয় সেনার প্রস্তুতি দেখে চীন কিছু করার সাহস পাচ্ছে না। তাই সে পাকিস্তানকে দিয়ে ভারতকে বিরক্ত করার পরিকল্পনা করছে। শীত প্রায় আগত। এই সময় ভারতীয় সেনা বেশ উচ্চতায় রয়েছে। সেখানেও যে ভারতীয় সেনারা পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রাখেন, তা বিশ্বাস করেন অধীরবাবু। তাঁর প্রমাণ হিসেবে তিনি সিয়াচেনের কথা তুলেছেন। তাঁর দাবী, কাশ্মীরে নতুন করে হামলা করে ভারতীয়দের মনোযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তাঁর আরও দাবী করেছেন, ভারতকে কাশ্মীর ও লাদাখ, দুটো ফ্রন্টেই লড়াই চালিয়ে যেতে হবে। ভারতীয় সেনা তা পারবে বলে তিনি আশাবাদী। এর সঙ্গে তিনি শহিদ জওয়ানদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। ভারত সরকারের কাছে তাঁর দাবী, পাকিস্তান যে ভাষা বোঝে, সেই ভাষাতেই যেন তাকে মোক্ষম জবাব দেওয়া হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল শুক্রবার, বিনা প্ররোচনাতেই ভারতীয় ছাউনিতে গোলাবর্ষণ করে পাক সেনা। এর গোলাগুলিতে প্রাণ হারান পাঁচ নিরাপত্তারক্ষী-সহ ছয় নিরীহ গ্রামবাসী। তবে, কড়া হাতে জবাব দেয় ভারতও। ভারতীয় সেনার পাল্টা আক্রমণে নিহত হয় সাত-আটজন পাক সেনা। কমপক্ষে দশজন পাক সেনা গুরুতর আহত বলে জানা গিয়েছে। পাক সেনার একাধিক ছাউনি ও লঞ্চপ্যাড ধ্বংস করেছে ভারতীয় সেনা।

এদিকে, আজ জয়সলমীরে লোঙ্গওয়ালা বর্ডার চেকপোস্টে সেনাবাহিনীদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন চীনের সম্প্রসারণবাদী মনস্ককে বিকৃত মানসিকতা বলে দাগেন তিনি। এরপর পাকিস্তানের হামলার প্রসঙ্গে তিনি বলেন কেউ যদি ভারতীয়দের ধৈর্যের পরীক্ষা নেয়, তবে ভারত তাকে ছেড়ে কথা বলবে না। নিজের সুরক্ষার স্বার্থে যে ভারত এক ইঞ্চি জমিও ছেড়ে দেবে না, এও স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রী।

RELATED Articles