বাংলায় আক্রান্ত হ‌ওয়ার পর এবার করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা!

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে তৃণমূল বাহিনীর হাতে আক্রান্ত হওয়ার পর এবার দিল্লিতে ফিরে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। আপাতত বাড়িতেই নিজের বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।
আজ অর্থাৎ রবিবার বিকেলের দিকে হিন্দিতে একটি টুইটবার্তায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জানান, ‘করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় আমি টেস্ট করেছিলাম এবং রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে এবং চিকিৎসকদের পরামর্শ মতো বাড়িতেই নিভৃতবাসের যাবতীয় নিয়মকানুন পালন করছি। আমার অনুরোধ, গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা দয়া করে নিজেদের আলাদা পরীক্ষা করিয়ে নিন।’
জেপি নাড্ডার করোনা আক্রান্ত হওয়ার খবরে দুশ্চিন্তায় বঙ্গ বিজেপি শিবির‌। গত বুধবার বাংলায় এসেছিলেন জেপি নাড্ডা। দু’দিনের সফরে ভবানীপুর ও ডায়মন্ড হারবারে গিয়েছিলেন। বৃহস্পতিবার শিরাকোলের কাছে তাঁর কনভয়ে হামলাও চালানো হয়। তা নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাতও তুঙ্গে উঠেছে। সেই ঘটনার তিনদিনের মাথায় নড্ডার করোনা ধরা পড়েছে। যিনি বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়-সহ রাজ্যের একাধিক বিজেপি নেতার পাশাপাশি অসংখ্য আমজনতার সংস্পর্শে এসেছিলেন। ফলে এঁদের প্রত্যেককেই এখন নিয়ম মেনে কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে নড্ডার সংস্পর্শে আসা বঙ্গ বিজেপির শীর্ষ স্থানীয় নেতাদের চিহ্নিত করা গেলেও যে সাধারণ মানুষের সবাইকে চিহ্নিত করা দুষ্কর বিষয় বলে মত ওয়াকিবহল মহলের।

RELATED Articles