‘বাবা কা ধাবা’ ছেড়ে এবার রেস্টুরেন্ট মালিক! ৮০ বছরে নতুন যাত্রা শুরু কান্তা প্রসাদের

একটা ইউটিউব ভিডিও। সম্পূর্ণরূপে পট পরিবর্তন হলো একজনের জীবনের।
লকডাউন এর মধ্যেই দিল্লির মালভিয়া নগরের ‘বাবা কা ধাবা’র মালিক ৮০ বছরের কান্তা প্রাসাদের জীবনের করুণ গল্প দেখিয়েছিলেন ইউটিউবার গৌরব ভাসান। মাছি তাড়ানো দোকানটায় এর পরের কয়েকদিন আর তিল ধরানোর জায়গা ছিল না।
বাবাকে সাহায্য করতে দূর-দূরান্ত থেকে তাঁর দোকানে খেতে গেছেন বহু মানুষ। দীর্ঘদিনের লড়াইয়েও যা করতে পারেননি বাবা অর্থাৎ কান্তা প্রসাদ, একজন ইউটিউবারের সৌজন্যে এবার তাই করে দেখালেন তিনি। ধাবা ছেড়ে রেস্টুরেন্ট খুলে ফেললেন তিনি। ‌
যদিও রেস্টুরেন্টটি সঙ্গে পুরোনো ধাবাটিও  চালু রাখবেন কান্তা প্রসাদ বলে জানিয়েছেন।
যে ইউটিউবারের সৌজন্যে আজ তিনি এতটা খ্যাতি পেয়েছেন সেই গৌরব ভাসানের বিরুদ্ধেই অর্থের অপব্যবহারের অভিযোগ এনেছিলেন কান্তা প্রসাদ। পুলিশের কাছে অভিযোগ করেছিলেন তাঁকে নাকি হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আর সেই ব্যক্তি নাকি গৌরবের ভাই!
তবে ইউটিউবার বনাম বাবার এই লড়াইয়ের মাঝেই নতুন রেস্টুরেন্টটির উদ্বোধন করেছেন তিনি। জানিয়েছেন, গৌরবের সঙ্গে তাঁর কোন‌ও বিতর্ক নেই। তিনি চান গৌরব তাঁর রেস্টুরেন্টে খেতে আসুন। তাঁর কারণেই তিনি এখানে পৌঁছেছেন।
উল্লেখ্য, কান্তা প্রসাদের নতুন রেস্টুরেন্টটির নাম‌ও ‘বাবা কা ধাবা’। পুরোনো ধাবা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে। জায়গাটি তিনি ভাড়ায় নিয়েছেন। কান্তা প্রসাদ জানিয়েছেন পুরনো ধাবাটি তিনি এবং নতুন ধাবাটি তাঁর ছেলে দেখাশোনা করবে। নতুন রেস্টুরেন্টে প্রধানত মিলবে ভারতীয় ও চীনা খাবার। ২ জন রন্ধন কর্মী ও ১ জন সহায়ক কর্মী রয়েছেন।‌

RELATED Articles