দু’কেজি ওজনের মুকুট মাথায়! বিজেপিকে ‘ঠেঙিয়ে পগারপার’ করার অঙ্গীকার কেষ্টর

এমনিতে তিনি তাঁর অকপট মন্তব্যের জন্য বেশ ভালোই খবরের শিরোনামে থাকেন। বিরোধী দলকে হেয় করতে কখনোই পিছপা হন না তিনি। এবার ফের একবার নাম না করেই বিজেপিকে ‘ঠেঙিয়ে পগারপার’ করার নিদান দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

গতকাল নববর্ষে বীরভূমের নানুরের মিলন মেলায় উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। এই মেলাতেই মেলার আয়োজক কেরিম খান তাঁর মাথায় ২ কিলোগ্রাম ওজনের একটি রূপোর মুকুট পরিয়ে দেন। এদিনই সভামঞ্চ থেকে ফের একবার বিজেপিকে বেলাগাম আক্রমণ শানালেন ‘কেষ্ট’। বেশ অনেকদিন পর তাঁকে নিজের চেনা মেজাজে দেখা যায়। এদিন পরোক্ষভাবে বিজেপিকে শানিয়ে তিনি বলেন, “গ্রামে একটা ভাষা আছে, ঠেঙিয়ে পগারপার কর। নেতারা কেউ খবর দিলে বলব, ঠেঙিয়ে পগারপার করে দিন”। তবে কী উদ্দেশ্যে আর কাকেই বা তিনি একথা বলেছেন, তা এখনও ধোঁয়াশা। তবে বিরোধী দলকেই যে ফের একবার নিজের চেনা স্বভাবে শানিয়েছেন তিনি, তা বেশ স্পষ্ট।

এদিন মেলায় সকলের নজর ছিল শুধু অনুব্রতর মুকুটের দিকেই। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, বিধানসভা নির্বাচনের পরেও তাঁর এই মুকুট থাকবে কী না? সেই উত্তরে বেশ আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেন, “নিশ্চয় জিততে পারবে। এরা যা বলে তাই হয়“।

এদিন মেলার প্রসঙ্গে রূপোর মুকুট মাথায় নিয়ে অনুব্রত বলেন, “ওরা আমায় ভালবসে। আমার প্রতিটা মানুষের উপর আলাদা টান রয়েছে। যারা এখানে আছেন, প্রত্যেকে আমায় শ্রদ্ধা করেন। ভালবাসেন। তাই মিলন মেলা হলে ওরা আমার জন্য রাখে”। প্রতি বছর নানুরে এই মিলন মেলা আয়োজিত হয়। চলবে ১০ই জানুয়ারি পর্যন্ত।

প্রসঙ্গত, বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, শাসকদল ও বিরোধী দলের মধ্যে সংঘাত ততই প্রকট হচ্ছে। একে অপরকে আক্রমণ শানাতে বাদ যাচ্ছেন না কেউই।

RELATED Articles