নেতাজির জন্ম জয়ন্তীতে রাজ্যে আসছেন মোদী, অন্যদিকে মমতার পদযাত্রা! কঠিন নিরাপত্তা বলয়ে মুড়ছে শহর কলকাতা

নেতাজির এমন জন্মদিন উদযাপন বাংলা আগে কখন‌ও দেখেছে কিনা বলা মুশকিল। বিধানসভা নির্বাচনের উত্তাপ গিয়ে পড়েছে ভারতবর্ষের অন্যতম আইকন নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপরেও। আর তাই এই বছর একটু ব্যতিক্রম। নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তীতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টেক্কা দিতে পদযাত্রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দুই হেভিওয়েট-এর নিরাপত্তা নিশ্চিদ্র করতে কঠিন নিরাপত্তা বলয়ে মুড়ছে শহর কলকাতা।

পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নেতাজি জয়ন্তী উপলক্ষ্যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামবাজার থেকে রেডরোড পর্যন্ত পদযাত্রা করবেন।  আঁটোসাটো নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা শহর। ইতিমধ্যে, শহরে এসে গেয়ে প্রধানমন্ত্রীর মোদীর নিজস্ব সিকিউরিটি টিম। কলকাতা পুলিশের সহযোগীতায় কড়াকড়ি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার প্রস্তুতি চলছে।

সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রায় ২০০০ এর বেশি পুলিশ  মোতায়েন করা হবে। নজরদারি চালাতে ব্যবহার করা হবে ড্রোন। শহরে শুরু হয়েছে নাকা চেকিং। যে জায়গায় প্রধানমন্ত্রী যাবেন তার পাশে রাখা থাকবে  স্যান্ডবাঙ্কার। থাকবে কুইক রেসপন্স টিমও।

ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নেতাজির জন্মদিবসকে এবার থেকে ‘পরাক্রম দিবস’ হিসাবে পালন করবে কেন্দ্রীয় সরকার।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ‘দেশনায়ক’ দিবস হিসাবে দিনটি উদযাপিত হোক! আমরা এটা দেশনায়ক দিবস হিসেবে পালন করব। পরাক্রমের তো অনেক মানে হয়। ২৩-শে জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণার দাবিতে ফের সুর চড়ান মুখ্যমন্ত্রী। বলেন, বারবার বলছি, ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে। সেটা কেন্দ্র করুক l

একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ওঁদের ‘যে যেভাবে ইচ্ছে পালন করুক, আমরা এদিন ১২টার সময় শ্যামবাজারে নেতাজী মূর্তির সামনে জমায়েত করব। সেখান থেকে পদযাত্রা হবে’।

অর্থাৎ আগামীকাল শহরের জোড়া কর্মসূচীর আগে ও চলাকালীন কড়া নিরাপত্তায় আঁটোসাঁটো  থাকবে শহর কলকাতা। প্রসঙ্গত, শিয়রে একুশের বিধানসভা ভোট। লক্ষ্য বঙ্গ বিজয়। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কালকে বাংলায় আগমনের মধ্য লড়াইয়ে আর‌ও জোরদার হবে তা বলা বাহুল্য।

 

RELATED Articles