ক্রমশ উন্নত হচ্ছে দেশ। বাড়ছে প্রযুক্তি, বিজ্ঞান। বাড়ছে মানুষের চাহিদা। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে দেশে শহরের চাহিদাও। উন্নয়নশীল দেশে এবার শহরের চাহিদা পূরণ করতে এক নতুন উদ্যোগ নিল মোদী সরকার। এবার আর একটা বা দুটো, একেবারে আট আটটি নতুন শহর গড়ে উঠবে দেশের নানান প্রান্তে, এমনটাই পরিকল্পনা নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
কেন্দ্রীয় আবাসন ও শহরোন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, এই শহর গড়ার কাজে অর্থ কমিশন টাকা অনুমোদন করে দিয়েছে। দেশের নানা প্রান্তে ৮টি নতুন শহর গড়ে তুলতে ৮০০০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে পঞ্চদশ অর্থ কমিশনের পক্ষ থেকে। এক একটি শহরের জন্য ১০০০ কোটি টাকা করে বরাদ্দ হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, গ্রিনফিল্ড প্রকল্পের আওতায় এই শহরগুলি গড়ে তোলা হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে রূপরেখাও তৈরি হয়ে যাবে খুব শীঘ্রই।
আবাসন মন্ত্রকের সচিব দুর্গা শঙ্কর মিশ্র জানিয়েছেন যে কীভাবে এই নতুন শহরগুলি গড়ে তোলা হবে, এ নিয়ে তাঁরা একটি সিস্টেম তৈরি করবেন। এর উপর একটি ফ্রেমওয়ার্ক করবে কেন্দ্র। এই কাজের জন্য প্রায় ৬ মাস থেকে এক বছর সময় লাগবে বলে জানান আবাসন মন্ত্রক। তিনি এও জানান যে বহু বছর হয়ে গিয়েছে দেশে নতুন কোনও শহর গড়ে ওঠেনি। এর জন্য অর্থ কমিশন যে ৮০০০ কোটি টাকা বরাদ্দ করেছে, এও জানা দুর্গা শঙ্কর মিশ্র।
প্রধানত, কোনও এলাকায় যদি ৫০০০-এর বেশি মানুষ বসবাস করেন এবং এলাকার প্রতি বর্গকিলোমিটারে যদি ৪০০ জন লোক বাস করে, তবে তাকে শহর বলা যায়। এছাড়াও, শহরের অন্যতম বৈশিষ্ট্য হল যে সেই এলাকার মোট পুরুষসংখ্যার ৭৫ শতাংশকেই কৃষিকাজ ছাড়া অন্যান্য পেশার সঙ্গে যুক্ত থাকতে হবে। এবার নতুন এই শহর গড়ার কাজ কবে শুরু হয় বা দেশের কোন কোন প্রান্তে নতুন শহর গড়ে ওঠে, তা সময়ের অপেক্ষা।






