দেশজুড়ে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। প্রতিদিনই বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দোষী ঠাওরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই দাবীর জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন, মমতার কাছে যদি নির্দিষ্ট তথ্য থাকে, তাহলে কমিশনকে তা জমা করছেন না কেন তিনি?
গত বেশ কয়েকদিন ধরেই রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদী ও ‘বহিরাগত’দের দোষ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ, শুক্রবারও এর ব্যতিক্রম হয়নি। এদিন উত্তর ২৪ পরগণার হাবড়ার এক জনসভায় গিয়ে মমতার দাবী, “নরেন্দ্র মোদীর সভার জন্য বাইরে থেকে ১,০০০ লোক এসে প্যান্ডেল করছে। হোটেল ভর্তি বহিরাগত লোকেরা বসে আছে। কার কোভিড হয়েছে না হয়েছে কী করে জানবো? কোভিড নিয়ে চলে আসছে। কোনও আরটি-পিসিআর পরীক্ষা করছে না”। সঙ্গে কমিশনের কাছে মমতার দাবী “করোনা পরীক্ষার রিপোর্ট ছাড়া কাউকে যেন পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া না হয়”।
আরও পড়ুন- ভয়ঙ্কর পরিস্থিতি! করোনার থাবা থেকে রেহাই নেই শিশুদেরও, আক্রান্ত হচ্ছে সদ্যোজাতরাও
এই অভিযোগের পাল্টা প্রশ্ন করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, “উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী। কে প্রধানমন্ত্রীর সঙ্গে এসে করোনা ছড়িয়েছে ওনার কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে কমিশনের কাছে জমা দিচ্ছেন না কেন?”
আরও পড়ুন- পেনশনই একমাত্র আয়ের উৎস, নেই নিজের গাড়ি-জমি, হাতে নগদ ৩৫ হাজার, হলফনামায় দাবী মুকুলের
এই করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্যে হয়ে গিয়েছে চার দফার ভোট। এখনও বাকী চার দফা। এই বাকী চার দফা ভোটগ্রহণের ভবিষ্যৎ নিয়ে আজ, শুক্রবার সকালে সর্বদল বৈঠকে বসে নির্বাচন কমিশন। সেখানে দফা কমানোর পক্ষে একমাত্র তৃণমূলই সওয়াল করেছে।





