ভরসা বায়ুসেনা, অক্সিজেনের আকাল মেটাতে জার্মানি, সিঙ্গাপুর থেকে প্লান্ট আনবে বায়ুসেনার বিশেষ বিমান

এবার করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য ময়দানে উত্তীর্ণ হল ভারতীয় বায়ু সেনা। সিঙ্গাপুর থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন ট্যাঙ্কার আনা হতে পারে বলে জানা গিয়েছে। বিদেশে থেকে দেশের মাটিতে সেই ট্যাঙ্কার পৌঁছে দেবে ভারতীয় বায়ু সেনা। গতকাল, শুক্রবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র নেতৃত্বে করোনা সংক্রান্ত একটি বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- রক্ষাকর্তা ভারতীয় সেনাই! ১০০০ বেডের কোভিড হাসপাতালে পরিণত হল সেনা হাসপাতাল, জার্মানি থেকে এল ২৩টি অক্সিজেন প্লান্ট 

দেশজুড়ে চলছে হাহাকার। কোথাও হাসপাতালে বেডের ঘাটতি, তো কোথাও অক্সিজেনের। অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে একাধিক করোনা রোগীর। এই ঘাটতি মেটাতে ইতিমধ্যেই জার্মানি থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন উৎপাদনকারী প্লান্ট আনা হচ্ছে। সেই প্লান্ট এক সপ্তাহের মধ্যেই এসে পৌঁছবে। ২৩টি প্লান্ট আসছে বলে জানা গিয়েছে। এই ২৩টি ভ্রাম্যমাণ অক্সিজেন প্লান্ট দেশের নানান রাজ্যের সেনা হাসপাতালগুলিতে রাখা হবে জানা গিয়েছে। এই প্লান্টগুলি দেশে আনার জন্য বায়ুসেনার বিশেষ বিমান প্রস্তুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতিতে দেশের মানুষকে স্বস্তি দিতে আগেই ময়দানে নেমেছে ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বায়ুসেনা নিজেদের বিমানগুলিতে করে খালি অক্সিজেন ট্যাঙ্কারগুলিকে আকাশপথে অক্সিজেন ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছে দিচ্ছে। সেখান থেকে অক্সিজেন ভর্তি ট্যাঙ্কারগুলি সড়কপথে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাচ্ছে।

আরও পড়ুন- অক্সিজেনের ঘাটতি একাধিক রাজ্যে, দিল্লির হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পাঠানোর উদ্যোগ নিলেন সুস্মিতা 

এভাবেই শুক্রবার বেগমপেট থেকে বায়ুসেনার সি-১৭ বিমান ৮টি ক্রায়োজেনিক অক্সিজেন কন্টেনার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়। ইন্দোর থেকে জামনগরেও অক্সিজেন কন্টেনার নিয়ে যায় বায়ুসেনার বিমান। অপরদিকে অসমের জোরহাট থেকে হিন্দনে জরুরি মেডিক্যাল সরঞ্জাম নিয়ে আসে বায়ুসেনার সি-১৩০ বিমান। এছাড়া হিন্দন থেকে পশ্চিমবঙ্গের পানাগড়েও ট্যাঙ্কার পৌঁছে দিয়েছে বায়ুসেনা। সি-৩০ এবং সি-১৩০ ছাড়াও বায়ুসেনার আইএল- ৭৬, এএন- ৩২ এবং আভরস বিমানগুলিকে এই কাজে লাগানো হয়েছে।

RELATED Articles