‘আমি সূর্য সেনের বংশধর, রাজনীতিতে তো যোগ দেবই’, সোজাসাপটা রিমি সেন

‘ধুম’, ‘হেরা ফেরি’, ‘হাঙ্গামা’-র মতো নানান হিট ছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। কিন্তু, আচমকাই লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি। প্রায় দশ বছর পর্দার সামনে দেখা যায়নি তাঁকে, কিন্তু কেন? সম্প্রতি, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে মুখ খুললেন বাঙালি অভিনেত্রী রিমি সেন।

অভিনেত্রীর মতে, তিনি যখন অভিনয় করতেন, তখন ভালো ভালো ছবিতেই অভিনয় করেছেন। শুধুমাত্র টাকার জন্য বি না সি গ্রেড ছবিতে অভিনয় করতে চান নি তিনি। রিমি এও জানান যে ক্যামেরার সামনে না থাকলেও, ক্যামেরার পিছনে কিন্তু তিনি বরাবর রয়েছেন। তাঁর নিজস্ব প্রোডাকশন হাউজ রয়েছে। কিছুদিন আগেই ‘বুধিয়া সিংহ’ নামে একটি ছবি প্রযোজনা করেছেন তিনি গজরাজ রাওয়ের সঙ্গে, সেই ছবি জাতীয় পুরস্কারও পেয়েছে।

আরও পড়ুন- মানসিক অত্যাচারের শিকার হয়ে ভাঙেন প্রথম বিয়ে, জীবনের ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ‘কাটা লাগা গার্ল’

রিমি এও জানান যে বোল্ড সিন বা পোশাক নিয়ে তাঁর কিছু শর্ত রয়েছে, আগেও ছিল। ‘ধুম’ ছবিতে তিনি শুধু রিভিলিং পোশাক পরেছিলেন, তা-ও কাঁদতে কাঁদতে, এমনটাই জানান অভিনেত্রী। তবে এখন যদি অভিনয়ে তিনি ফেরেন, তাহলে শখের জন্য ফিরবেন, টাকার জন্য নয়। ভালো ওয়েব সিরিজেও কাজ করতে ইচ্ছুক রিমি।

রিমি সাক্ষাৎকারে এও বলেন যে আগে ছবিতে নায়িকাদের স্রেফ সাজিয়ে রাখার জন্য রাখা হত, তারা প্রাধান্য পেতেন না। তবে এখন যুগ অনেক বদলেছে। রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা নিয়ে রিমির সোজাসাপটা জবাব, “আমার শরীরে সূর্য সেনের রক্ত বইছে, তাই রাজনীতিতে তো আসবই। তবে সেটা এখন নয়, ভবিষ্যতে”।

আরও অন্যান্য খবর