এরকমটা যে হতে চলেছে, তা আগেই বোঝা গিয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সিদ্ধান্তে যে আখেরে তৃণমূলেরই সুবিধা হতে চলেছে, এমন আঁচ করাই হয়েছিল। এবার তেমনটাই হল। আজ মুকুল রায়ের দলত্যাগ নিয়ে শুভেন্দুর অভিযোগের শুনানি ছিল অধ্যক্ষের ঘরে।
এদিকে, মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান বানানোর জন্য আগেই বিজেপির আট বিধায়ক বিধানসভার কমিটি ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছিলেন। এবার সেই আট শূন্য পদে তৃণমূল নিজের বিধায়কদের জায়গা করে দিল। এর জেরেই এবার বিধানসভার কমিটিতে জায়গা পেয়ে গেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
আজ, শুক্রবার বিধানসভার নতুন আট চেয়ারম্যানের নাম ঘোষণা কপরেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, “স্পিকারের অনুমতি নিয়ে নতুন আটজন চেয়ারম্যানের নাম বেছে নেওয়া হয়েছে। মনোজ টিগ্গার জায়গায় চেয়ারম্যান হলেন মদন মিত্র। মিহির গোস্বামীর জায়গায় সুদীপ্ত রায়কে চেয়ারম্যান করা হয়েছে। নন্দময় বর্মনের জায়গায় হুমায়ন কবীর। অশোক কীর্তনীয়ার জায়গায় পান্নালাল হালদার। কৃষ্ণ কল্যাণীর জায়গায় আব্দুল খালেক মোল্লা। বিষ্ণুপ্রসাদ শর্মার জায়গায় তপন দাশগুপ্ত। তথ্যপ্রযুক্তিতে দীপক বর্মনের জায়গায় ড অশোক চট্রোপাধ্যায় এবং নিখিলরঞ্জন দে’র জায়গায় রুকবানুর রহমান”।
এদিন এই বিষয়ে সাংবাদিকদের পার্থ বলেন, “ওনাদের অনুরোধ করছি, বৈঠকে উপস্থিত থাকার জন্য। পদত্যাগ না করতে আমরা অনুরোধ করেছিলাম। তারপরেও ওঁরা শোনেননি। আমি আবারও অনুরোধ করব প্রত্যাহারের জন্য। ওঁরা যখন কমিটির সদস্য থাকতে পারেন, তখন চেয়ারম্যান থাকতে কী অসুবিধা, বুঝলাম না। ২৬ জুলাই থেকে কমিটির বৈঠক শুরু হবে”।
বিজেপি যে পরিষদীয় বিষয়টিতে বেশ কাঁচা, তা ফের বোঝা গেল। বিরোধী দলনেতার সিদ্ধান্তের কারণেই আট কমিটি থেকে পদত্যাগ করলেন বিজেপি বিধায়করা। এই ঘটনা রাস্তা পরিস্কার করে দিল ঘাসফুল শিবিরের।
আরও পড়ুন- ‘নিরুদ্দেশ বিধায়ক হিরণ, খুঁজে দিলে মিলবে আকর্ষণীয় পুরস্কার’, পোস্টারে পোস্টারে ছয়লাপ খড়গপুর
প্রসঙ্গত, মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ঘোষণার পরই বিধানসভায় বিজেপি বিধায়করা বাকী যে কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন, তা থেকে তারা পদত্যাগ করেন। এর মধ্যে ছিলেন মিহির গোস্বামী, মনোজ টিগগা, কৃষ্ণ কল্যাণী-সহ মোট আটজন। এবার এই জায়গায় চেয়ারম্যান হয়ে গেলেন মদন মিত্র, রুকবানুর রহমানরা। এবার বিষয়ে আদালতে যাবে গেরুয়া শিবির, এমনটাই শোনা যাচ্ছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার