মোদীকে দ্বিতীয়বার নির্বাচন জয়ের শুভেচ্ছা থেকে কেন্দ্র সরকারের ভূয়সী প্রশংসা, ভাইরাল ‘সোনার ছেলে’ নীরজের একাধিক টুইট

টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পরই নীরজ চোপড়ার একের পর এক টুইট ভাইরাল হতে থাকে। এর মধ্যে একটি টুইট যেমন রয়েছে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা জানানোর টুইট আবার সেরকমই রয়েছে ‘খেলো ইন্ডিয়া’ মোবাইল অ্যাপ নিয়ে সরকারকে সমর্থন করার টুইট।

বালাকোট এয়ারস্ট্রাইকের পরদিন অর্থাৎ ২০১৯ সালের ২৭শে ফেব্রুয়ারি ‘খেলো ইন্ডিয়া’ নামের একটি অ্যাপের সূচনা করেন মোদী। সেদিন জম্মুর আকাশে পাকিস্তানের বায়ুসেনার যুদ্ধবিমানকে ধাওয়া করেছিল ভারতীয় বায়ুসেনা।

এদিনই ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্ধমান পাক সেনাদের হাতে আটকা পড়েন। ১লা মার্চ তাঁকে ভারতে ফেরানো হয়। ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার যখন পাক সেনাদের হাতে, সেই সময় মোবাইল অ্যাপ সূচনা করা নিয়ে মোদীর সমালোচনা করেন এক সাংবাদিক।

তবে এই টুইটের প্রত্যুত্তরে নীরজ লেখেন, “খেলাধুলো যুব প্রজন্মকে একত্রিত করতে এবং ইতিবাচক দিকে কর্মশক্তি কেন্দ্রীভূত করতে সাহায্য করে। সেটা করার ক্ষেত্রে এখনের থেকে ভালো সময় আর কী হতে পারে। এটা ভালো উদ্যোগ এবং সেটাকে সমালোচনা করার বিষয়টি দুঃখজনক”।

এরপর কয়েকমাস পর দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর টুইটারে মোদীকে অভিনন্দন জানান নীরজ। তিনি বলেন, “ঐতিহাসিক জয়ের জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন। আপনার নেতৃত্বে যেন আমাদের দেশ নয়া উচ্চতায় পৌঁছে যেতে পারে।#২০১৯ সালের নির্বাচনের ফলাফল”।

টোকিও অলিম্পিক্সে সোনা জিতে রেকর্ড কায়েম করেছেন নীরজ। প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অলিম্পিক্সে সোনা পান তিনি। তাঁর এই জয়ের জন্য গোটা দেশ তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন। পদক জেতার পর প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেন নীরজ।

RELATED Articles