বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তবে এই দুর্গাপুজোতেই হয়ত এবার বড়সড় ধাক্কা খেতে পারে গেরুয়া শিবির। কারণ গোপন সূত্রের খবর, শীঘ্রই নাকি তৃণমূলে ফিরতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস-সহ আরও নানান দলত্যাগী নেতারা।
এই কারণেই তাই এবার প্রশ্ন উঠেছে যে পুজোর আগেই কী তবে তারা তৃণমূলে ফিরছেন? তবে এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এই বিষয়টিকে এখন অত্যন্ত গোপন রাখা হয়েছে বলে খবর।
আরও পড়ুন- অনিয়ন্ত্রিত ভিড়, বিশৃঙ্খল পরিস্থিতি! এবার ‘দুয়ারে সরকার’ নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী
একুশের নির্বাচনের আগেই নানান নেতাদের সঙ্গে দল ছেড়েছিলেন রাজীবও। সেই সময় বিধানসভায় তাঁর ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আগলে চোখে জল নিয়ে দলত্যাগ করেন তিনি। বলেছিলেন, “খুব কষ্ট পেয়েছি”। এরপর বিজেপিতে যোগ দেন। তৃণমূলের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন।
কিন্তু সেসব এখন অতীত। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় রাজীবকে। বিজেপির কোনও বৈঠকে তিনি যোগ দেন না। এর পরিবর্তে তাঁর ঘনিষ্ঠতা বেশি লক্ষ্য করা যায় মুকুল রায়, কুণাল ঘোষদের সঙ্গে।
ইতিমধ্যেই বিজেপি ছেড়ে সপুত্র তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। মুকুল রায়ের স্ত্রী মারা যাওয়ার পরও রাজীবকে তাঁর বাড়িতে যেতে দেখা যায়। অনেকদিন ধরেই রাজীবের তৃণমূলে ফেরা নিয়ে নানান গুঞ্জন উঠে আসছে।
নামপ্রকাশে অনিচ্ছুক তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন কাউন্সিলর বলেন, “রাজীব তো আমাদের দলের ছেলে। ভালো ছেলে। শুভেন্দু ওকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছিল। আমরা জানতাম রাজীব ফিরবে। তাই যোগাযোগ করেছেন। তবে নেত্রী যতক্ষণ না সবুজ সংকেত দিচ্ছেন ততক্ষণ সবই অধরা”।
আরও পড়ুন- দিল্লি সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন সোনু সুদ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের
এদিকে আবার নারদ মামলায় নানান মন্ত্রী-বিধায়কদের যেভাবে গ্রেফতার করা হয়েছিল, এর প্রতিবাদে বিজেপি ছাড়েন দীপেন্দু বিশ্বাস। তিনিও তৃণমূলে ফেরার আর্জি জানিয়েছেন। তৃণমূলে ফিরতে চেয়ে আবেগপূর্ণ টুইট করেছেন সোনালী গুহও। তবে এদের মধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায় ও দীপেন্দু বিশ্বাসের নামই রয়েছে প্রথম সারিতে। মনে করা হচ্ছে হয়ত পুজোর আগেই দলে ফিরতে পারেন তারা। তবে তৃণমূলে ফেরার আগে রাজীব বন্দ্যোপাধ্যায় একটি ফেসবুকে লাইভ করবেন।





