আজ রাত থেকেই কমবে তাপমাত্রা, কালীপুজোয় মিলবে শীতের আমেজ

তাপমাত্রা একেবারে হঠাৎ কমবে না। তবে আজ, রবিবার রাত থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা কমবে। আর এর জেরে কালীপুজো ও ভাইফোঁটাতে শীতের আমেজ থাকবে বাংলায়। তবে আলিপুর আবহাওয়া দফতরের মতে, বাংলায় এখনই জাঁকিয়ে শীত পড়বে না।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে বাংলায় এখনও আনুষ্ঠানিকভাবে শীত আসেনি। শীতের আগমনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে। তবে উত্তরে হাওয়া ইতিমধ্যেই রাজ্যে ঢুকতে শুরু করেছে। এই প্রক্রিয়া চলবে আরও চার-পাঁচদিন। এই পরিস্থিতিতে চার দিনে কলকাতার তাপমাত্রা চার ডিগ্রি কমেছে।

আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আগামী কয়েকদিন সেই ধারাই বজায় থাকবে বলে জানা গিয়েছে। আজ রাত থেকেই কমতে থাকবে তাপমাত্রা। রাত এবং সকালের দিকে শিরশিরে শীত অনুভূত হবে। একাধিক জেলায় সকালের দিকে আংশিক কুয়াশা থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। কালীপুজো এবং ভাইফোঁটাতেও শীতের আমেজ থাকবে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়বে না।

জানা গিয়েছে যে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্কই থাকবে। সেখানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। তবে সোমবার ও মঙ্গলবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়া, উত্তরবঙ্গের অন্যত্র আর বৃষ্টির সম্ভাবনা নেই। এর জেরে কমবে তাপমাত্রা ও অনুভূত হবে শীত।

অন্যদিকে, তামিলনাড়ু উপকূলে শ্রীলঙ্কা সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে তামিলনাড়ুতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টির পূর্বাভাস আছে কেরালা, পুদুচেরিতেও। সেইসঙ্গে আগামী দু’সপ্তাহে উত্তর-পশ্চিম ভারত, মধ্য ও দক্ষিণ ভারতের অনেক অংশে সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে।

RELATED Articles