বড়দিনের আগের রাতে ধুন্ধুমার কাণ্ড শহর কলকাতায়। শেক্সপিয়ার সরণি থানা থেকে অল্প দূরেই মদ্যপ অবস্থায় পানশালায় তাণ্ডব চালায় একদল যুবক-যুবতী। পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশকেও মারধরের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
সূত্রের খবর অনুযায়ী, শেক্সপিয়ার সরণিতে শুক্রবার রাত দুটোর সময় একটি পানশালায় তান্ডব চালায় মদ্যপ ছয়জন মদ্যপ যুবক যুবতী। ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, ওই যুবক-যুবতীদের বাইরে বের করে দিলে রাস্তায় দাঁড়িয়ে অভব্যতা করেন তারা।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। কিন্তু অভিযোগ, পুলিশ তাদের বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তারা। মদ্যপ যুবক-যুবতীদের থামাতেন গেলে পুলিশদের তারা মারধর করে বলে অভিযোগ।
এরপরই ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। আজ, শনিবার দুপুরে অভিযুক্তদের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। তাদের বিরুদ্ধে ১৪১, ৩৫৩, ১১৪-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের পরিবারের সদস্যরা এই বিষয়ে কোনও বক্তব্য করতে চাননি।






