রবিবাসরীয় সকালেই এল বড় দুঃসংবাদ। ৯২ বছর বয়সে প্রয়াত হলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুতে ভারতীয় সংস্কৃতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল। এই শূন্যতা কোনওদিনই কোনওভাবেই পূরণ হবে না, এমনটাই দাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
বিগত কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন লতাজি। করোনায় আক্রান্তও হন। গতকাল রাত থেকে ক্রমেই অবস্থার অবনতি ঘটতে থাকে তাঁর। এরপর আজ, রবিবার সকালেই খবর মেলে যে না ফেরার দেশে চলে গিয়েছেন সুরের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী ব্যথিত, নির্বাক তিনি। লতা মঙ্গেশকরের প্রয়াণে কেন্দ্রের তরফে দু’দিন রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়েছে।
এদিন প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, “আমি আমার ব্যথার কথা বলে প্রকাশ করতে পারব না। দয়ালু এবং যত্নশীল লতা দিদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি আমাদের দেশে একটি শূন্যতা রেখে গেলেন যা পূরণ করা যাবে না। ভবিষ্যত প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির একজন অকুতোভয় হিসেবে মনে রাখবে। তাঁর সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল”।
এদিন মোদী আরও লেখেন, “লতা দিদির গান বিভিন্ন ধরনের আবেগকে প্রকাশ করেছে। তিনি কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র জগতের পরিবর্তন ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ করেছেন। চলচ্চিত্রের বাইরে তিনি সর্বদা ভারতের বৃদ্ধি সম্পর্কে উত্সাহী ছিলেন। তিনি সবসময় একটি শক্তিশালী ও উন্নত ভারত দেখতে চেয়েছিলেন”।
I am anguished beyond words. The kind and caring Lata Didi has left us. She leaves a void in our nation that cannot be filled. The coming generations will remember her as a stalwart of Indian culture, whose melodious voice had an unparalleled ability to mesmerise people. pic.twitter.com/MTQ6TK1mSO
— Narendra Modi (@narendramodi) February 6, 2022
প্রধানমন্ত্রীর কথায়, “আমি লতা দিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়ে এসেছি। এটাকে আমি আমার সম্মান বলে মনে করি। তাঁর সাথে আমার আলাপচারিতা অবিস্মরণীয় হয়ে থাকবে। লতা দিদির প্রয়াণে আমি আমার সহ নাগরিকদের সাথে শোকাহত। তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছি এবং সমবেদনা জানিয়েছেন। ওম শান্তি”।






