বুথের ভেতর মোবাইল ক্যামেরা নিয়ে নজরদারি চালিয়েছে তৃণমূল, কে কাকে ভোট দিচ্ছে, সব ফাঁস হয়ে যাচ্ছে, বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থী হিরণের

আজ, রবিবার ছিল রাজ্যের ১০৮টি পুরসভায় নির্বাচন। এদিন তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন খড়গপুরের বিজেপি বিধায়ক তথা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। বুথের ভেতর নজরদারি চালিয়েছে তৃণমূল, অভিযোগ বিজেপি বিধায়কের।

খড়গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী করা হয়েছে হিরণকে। এদিন হিরণ অভিযোগ করেন যে তালবাগিচা হাইস্কুলের ৮টি বুথে ভোটের ছবি ফাঁস করা হয়েছে। বেআইনিভাবে মোবাইল ক্যামেরা দিয়ে বুথের ভেতর নজরদারি চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কে কোন চিহ্নে ভোট দিয়েছেন, তা মোবাইল ক্যামেরায় উঠে আসে।

হিরণের এই বিস্ফোরক অভিযোগের জেরে বেশ শোরগোল পড়ে গিয়েছে। তবে বিজেপি প্রার্থীর এই অভিযোগকে নাকোচ করে তৃণমূলের পাল্টা দাবী, বিজেপি ইচ্ছা করে এমনটা করেছে কারণ তারা জানে যে তারা এখানে জিততে পারবে না। এই কারণে মিথ্যে কথা বলছে বিজেপি, পাল্টা অভিযোগ তৃণমূলের।

এর আগেও হিরণ রাজনৈতিক কারণে বহুবার চর্চায় উঠে এসেছেন। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর সম্পর্কের তিক্ততার কথা উঠে আসে মাঝে। তা সামাল দিতেই নাকি পুরসভার প্রার্থী করা হয়েছে হিরণকে। তবে এই কৌশল ততটা সফল নয় বলেই দাবী ওয়াকিবহাল মহলের।

দিলীপ ঘোষের দলীয় ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানের দিন দেখা যায়নি হিরণকে। এদিন তিনি ছাড়া খড়গপুরের অন্যান্য ওয়ার্ডের প্রার্থীরা সকলেই উপস্থিত ছিলেন। নিজের অনুপস্থিতির কারণ হিসেবে হিরণ জানান যে তিনি প্রচারেন ব্যস্ত থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেন নি। তবে নিজের ব্যস্ততার মধ্যেও দিলীপ ঘোষ সেখানে উপস্থিত থাকার জন্য তাঁকে কৃতজ্ঞতা জানান হিরণ।

আরও অন্যান্য খবর