এই বছরের প্রথমেই ইষ্ট-ওয়েষ্ট মেট্রো চালু হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা সফরে থাকাকালীনই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় পশ্চিমবঙ্গবাসীকে জানিয়ে দিলেন, ‘ইষ্ট-ওয়েষ্ট মেট্রো এখনই চালু হচ্ছে না।’ তবে এর জন্য রেলমন্ত্রক বা কেন্দ্রীয় সরকার নয়, দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। বাবুল বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংসাত্মক রাজনীতি বন্ধ না করা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হবে না। তিনি যেভাবে রাজনীতি করছেন তাতে কাজ শুরু করা এখনই সম্ভব নয়।’
সম্প্রতি সিএএ-বিরোধী বিক্ষোভ আন্দোলনে ট্রেনের বহু কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও রাজ্য সরকারকে তোপ দেন বাবুল। একইসঙ্গে তাঁর প্রশ্ন, ‘নতুন মেট্রো স্টেশনে তেমন হামলা হবে না, তার নিশ্চয়তা কোথায়? রাজ্য আগে মুচলেকা দিক।’
প্রসঙ্গত জানা যায় যে, দুদিনের সফরে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে নাম না করে মমতা বন্দোপাধ্যায়ের রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। আয়ুষ্মান ভারত যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু না করা নিয়ে মমতার সরকারকে তিরস্কার করেন। প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের পরই অনুষ্ঠান শেষে ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে মমতাকে একহাত নিলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল।






