তিনি এমনিতে ববাররই ঠোঁটকাটা। সবসময়ই স্পষ্ট কথা বলতে ভালোবাসেন তিনি। আর সেই জন্য নানান বিতর্কের মুখেও পড়েন। কথা যতই অপ্রীতিকর হোক না কেন, তা নিয়ে কখনই রাখঢাক করতে দেখা যায় না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়কে (Tathagata Roy)। আজ, সোমবারও টুইট করে তিনি স্পষ্ট বলেন যে শুধুমাত্র ইডি বা সিবিআইকে (ED-CBI) দিয়ে বিজেপি বাংলায় ক্ষমতা দখল করতে পারবে না।
এসএসসি নিয়োগ দুর্নীতি ও গরু পাচার কাণ্ড নিয়ে বেশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে সিবিআই-ইডি। এর থেকে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে যে শুধু এভাবেই কী তাহলে বিজেপি বাংলা দখল করতে পারবে। বিশেষ করে দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের নিয়ে উচ্ছ্বাস দেখাচ্ছেন, তাতে যেন এই প্রশ্ন আরও প্রকট হচ্ছে।
টুইট করে তথাগত রায় বলেন, “ইডি ও সিবিআই চুরি ধরবে, তৃণমূলের মুখ চুন হবে ঠিকই। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারবে তখনই, যখন তারা একটি সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে রাজ্যবাসীকে একটা ভবিষ্যতের চেহারা দেখাতে পারবে। সেই সঙ্গে সংগঠনের দিশাহারা অবস্থাও কাটিয়ে উঠতে হবে। নচেৎ এই রাজ্যের কপালে আছে চরম অরাজকতা”।
https://twitter.com/tathagata2/status/1566273752375394304?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1566273752375394304%7Ctwgr%5E3124eb56c0c0118a4a9612b934379dd4a13aba0c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fnews%2Ftathagata-roy-claims-bjp-cant-come-in-power-in-bengal-with-cbi-ed%2F
তথাগত রায়ের মতে, বাংলা এখন বিকল্প উন্নয়ন চায়। কিন্তু বিজেপি এখনও তা দেখাতে পারেনি। শুধুমাত্র ইডি-সিবিআই দিয়ে কোনও লাভ হবে না বলেই ধারণা বিজেপির এই বর্ষীয়ান নেতার।
তিনি একথাও মনে করিয়ে দিয়েছেন যে বিজেপির সংগঠনের ইবস্থা ভালো নয়। কিছুদিন আগেই বৈদিক ভিলেজে যে বিজেপির কর্মশালা ছিল তাতে তিন মন্ত্রীর অনুপস্থিতি বেশ চোখে লেগেছে। এর জেরে বিজেপির মধ্যেকার সমন্বয়ের অভাবের দিকটিও আরও প্রকট হয়ে উঠেছে। বঙ্গ বিজেপিকেও তেমন আন্দোলনমুখী হতে দেখা যাচ্ছে না।
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ঘটনা ঘটেছে প্রায় দেড় মাস হতে চলল। আর বিজেপি নবান্ন অভিযানের ডাক দিয়েছে ১৩ই সেপ্টেম্বর। আর একদিকে যখন শাসক দলের তরফে পঞ্চায়েত ভোটের জন্য প্রার্থী বাছাই শুরু হয়ে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির মধ্যে এই ব্যাপারে কোনও ভাবনা দেখা যাচ্ছে না।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মহারাষ্ট্রে বিজেপি যেভাবে অস্থিরতা তৈরি করে ক্ষমতা দখল করেছে, বাংলাতেও হয়ত তারা তেমনই চাইছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এটাও ভুলে গেলে চলবে না যে উদ্ধব ঠাকরে ও মমতা বন্দ্যোপাধ্যায় এক নয়। সিবিআই-ইডির জেরে তৃণমূল যতই চাপের মুখে পড়ুক না কেন, ভোটের অঙ্কে কিন্তু তৃণমূলও অনেকটাই এগিয়ে।






