নিট পরীক্ষায় তুমুল সাফল্য বঙ্গতনয়াদের, রাজ্যের প্রথম তিন স্থানেই রয়েছে মেয়েরা, গোটা দেশে প্রথম ২০-তে স্থান বাংলার দুই মেয়ের

National Eligibility Entrance Test অর্থাৎ NEET একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। গত বুধবার এই পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। ডাক্তারি পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষা এটি। আর এই পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করল বাংলার মেয়েরা। রাজ্যের প্রথম তিন স্থানেই রয়েছে মেয়েরা।

শুধু রাজ্যের প্রথম তিন স্থানই নয়, তাদের মধ্যে দু’জন আবার গোটা দেশের মধ্যে ২০-এর মধ্যেও রয়েছে। নিট পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ইছাপুরের সায়ন্তনী চট্টোপাধ্যায়। গোটা দেশে তাঁর র‍্যাঙ্ক ১১। রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে গড়িয়ার অনুষ্কা মণ্ডল। গোটা দেশে তাঁর র‍্যাঙ্ক হল ১৪। আর রাজ্যে তৃতীয় স্থানাধিকারী দেবাঙ্কিতা বেরা মহিষাদলের বাসিন্দা। গোটা দেশে তাঁর র‍্যাঙ্ক ২২।

চলতি বছরে National Eligibility Entrance Test-এ মোট ১৮ লক্ষ ৭২ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। পশ্চিমবঙ্গ থেকে নিট পরীক্ষা দেন ৮৬ হাজার ৬০৭ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যেই দৃষ্টান্তমূলক সাফল্য পেয়েছেন রাজ্যের মেয়েরা। এদিকে, গোটা দেশের মহিলা নিট পরীক্ষার্থীদের নিরিখে সায়ন্তনী, অনুষ্কা এবং দেবাঙ্কিতা রয়েছেন প্রথম দশে।

নিট পরীক্ষায় গোটা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন রাজস্থানের তনিষ্কা। নিজেদের সাফল্যের নেপথ্যে কী রয়েছে, তাও জানিয়েছেন এই কৃতি ছাত্রীরা। সায়ন্তনীর কথায়, জোর করে পড়াশোনার বদলে পড়াশোনাকে ভালোবেসে পড়লেই সাফল্য আসবে। অন্যদিকে, অনুষ্কার কথায়, পড়া ফেলে না রেখে প্রতিদিনের পড়া প্রতিদিন করে নেওয়া উচিত। অনুষ্কা চায় দিল্লি থেকে ডাক্তারি পড়তে।

আবার দেবাঙ্কিতা জানিয়েছে যে সে প্রতি শনি ও রবিবার ভোরবেলা বাড়ি থেকে ২০০ কিলোমিটার দূরে খড়গপুরে একটি কোচিং সেন্টারে পড়তে যেত। রাতে বাবার সঙ্গে বাড়ি ফিরত। এভাবে পরিশ্রমের মাধ্যমেই এসেছে সাফল্য। দেবাঙ্কিতা চায় দিল্লির এইমস থেকে ডাক্তারি পড়তে।

RELATED Articles