শহরজুড়ে শীতের মরশুম! জাঁকিয়ে শীত কবে পড়ছে বঙ্গে, জানাল হাওয়া অফিস

তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে রাজ্যে। আবহাওয়া দফতরের মতে, দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এটাকে শীতকালের সূচক বলাই যায়। তবে ঠাণ্ডা শিরশিরানি ভাব অনুভূত হলেও, খাতায়-কলমে কিন্তু এখনও শীতকাল পড়ে নি।

আবহাওয়া দফতরের কথায়, এটা শীতের আমেজ, ‘শীতকাল’ নয়। পুরোপুরি শীত আসতে এখনও ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যতই খাতায়-কলমে শীতকাল না আসুক, ভোর ও রাতের দিকে শীত-শীত ভাব ভালোই টের পাচ্ছে বঙ্গবাসী। শহরের তাপমাত্রাও নামতে শুরু করেছে।

এসবের মধ্যেই আবার দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনিয়েছে। সেই কারণে আকাশ কয়েক দিন আংশিক মেঘলা থাকতে পারে বলে জানা যাচ্ছে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এই মুহূর্তে। এই ঘূর্ণাবর্ত সরে গেলে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

এছাড়াও জলীয় বাষ্পে ভরা উত্তর-পশ্চিমী বায়ু রাজ্যে এসে পৌঁছেছে। এর জেরে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পংয়ের কয়েকটি অংশে দিন দুয়েক আগে বৃষ্টি হয়েছে। তবে আগামী কয়েকদিন বৃষ্টির তেমন সম্ভাবনা নেই পাহাড়ে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে গতকাল, শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতে ও ভোরের দিকে তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে গিয়েছিল।  

আজ, শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

RELATED Articles