সোশ্যাল মিডিয়ার যুগে আজকাল কোনও ছবি বা ভিডিও ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। অন্য ধরণের কোনও ছবি বা ভিডিও পোস্ট হলেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এর মধ্যে কিছু ভিডিও আমাদের নিখাদ আনন্দ দেয় তো কোনও ভিডিও আমাদের আবেগপ্রবণ করে তোলে তো কোনও ভিডিও আবার আমাদের মুগ্ধ করে।
‘ভুল ভুলাইয়া’ ছবি ‘আমি যে তোমার’ গানটি এমনিতেই ভীষণ বিখ্যাত। গানের সুর যেমন সুন্দর তেমনই আবার এই গান শুনলে একটু যেন গা ছমছমও করে ওঠে বৈ কী! তাহলে ভাবুন তো, এই গানটি মাঝরাতে আপনি যদি শোনেন যে কোনও এক বেসমেন্ট থেকে ভেসে আসছে, তাহলে কী একটু হলেও আপনার মনের কোণায় কোনও ভয়ের উদ্রেক হবে না?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে এক তরুণী রাত ৩টের সময় অ্যাপার্টমেন্টের বেসমেন্টে এই ‘আমি যে তোমার’ গানটি গাইছে। তাঁর গানের গলা যে অসাধারণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে মাঝরাতে এমন গান যদি ভেসে আসে, তাহলে আতঙ্ক তো ছড়াবেই।
জানা গিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটির তরুণীর নাম শ্রেয়া বসু। এই বঙ্গ তনয়ার গানের জাদুতে মুগ্ধ সকলেই। শুধু ‘আমি যে তোমার’ই নয়, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আরও নানান নিজের গানের ভিডিও পোস্ট করেন শ্রেয়া। সোশ্যাল মিডিয়ায় গানের জন্য পরিচিতি রয়েছে তাঁর।
শ্রেয়ার এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল। তাঁর এমন সুরেলা কণ্ঠের জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। নানান সুন্দর সুন্দর কমেন্ট করা হয়েছে শ্রেয়ার এই গানের জন্য। সত্যিই যেন গায়িকা শ্রেয়া ঘোষালের মতোই গানটি অনুকরণ করেছেন এই শ্রেয়াও। খালি গলায় তাঁর এই গান মন কেড়েছে সকলেরই। তবে অনেকেই আবার মজা করে এও বলেছেন যে মাঝরাতে যদি এমন গান ভেসে আসে, তাহলে তাদের হৃদয় সত্যিই দুর্বল হয়ে পড়বে।






