‘মোদীর নাম নিলেই আপনাকে ছেড়ে দেব, আমাকেও মোদীর নাম নিতে চাপ দিত সিবিআই’, বিস্ফোরক মন্তব্য খোদ অমিত শাহ্‌’র

দেশের ১৪টি বিরোধী রাজনৈতিক দল অভিযোগ তুলেছে যে কেন্দ্র সরকার ইডি-সিবিআইয়ের (ED-CBI) মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার করছে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য। এই নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থও হয়েছে তারা। এমন আবহে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) পাল্টা দাবী করলেন যে কেন্দ্রীয় সংস্থাকে অপব্যবহার নরেন্দ্র মোদীর (Narendra Modi) আমলে নয়, কংগ্রেসের আমলে হত।

অমিত শাহ জানান, ইউপিএ আমলে নরেন্দ্র মোদী খোদ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। বিস্ফোরক দাবী করে শাহ বলেন, সিবিআই তাঁর উপরেও চাপ সৃষ্টি করেছিল যাতে তিনি নরেন্দ্র মোদীকে ফাঁসিয়ে দেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার নিয়ে বক্তব্য রাখেন অমিত শাহ। তিনি বলেন, “আমি আপনাদের বলছি এজেন্সির অপব্যবহার কাকে বলে। আমি যখন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম তখন আমার বিরুদ্ধে ওরা একটা ভুয়ো এনকাউন্টারের মামলা করে। সিবিআই আমাকে গ্রেফতারও করে”।

শাহ’’র অভিযোগ, “জিজ্ঞাসাবাদের সময় ৯০ শতাংশ প্রশ্নে ওরা আমাকে শুধু বলত, আপনি চাপ নেবেন না। মোদীর নাম নিলেই আপনাকে ছেড়ে দেওয়া হবে। এরপর মোদীর বিরুদ্ধেও SIT গঠন করেছিল। কিন্তু পরে খোদ সুপ্রিম কোর্ট সেই SIT বাতিল করে দেয়”।

বলে রাখি, এখানে অমিত শাহ সোহরাবুদ্দিন এনকাউন্টার মামলার প্রসঙ্গ তুলেছেন। সেই মামলায় প্রায় মাস তিনেক জেলও খাটতে হয়েছিল বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। শাহ্‌’র অভিযোগ, সিবিআই তাঁকে বারবার জোর দিত মোদীকে ফাঁসিয়ে দেওয়ার জন্য।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “ওরা আমাকে বলছিল মোদীর নাম বলুন, কিন্তু আমি কেন মোদীকে ফাঁসাব? মনে রাখবেন, এত চাপের মধ্যেও কিন্তু আমরা মাথা নোয়াইনি। আমরা সংসদ অচল করে দিইনি”।

শুধুমাত্র কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার নয়, রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল নিয়েও এদিন মুখ খোলেন শাহ। বলেন, “আইন আইনের রাস্তায় চলেছে। এখানে আর কিছু বলার নেই। রাহুল গান্ধী উদ্ধত, সে কারণেই তিনি আদালতে কোনও আবেদন করেননি”। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “একটা পরিবারের জন্য গোটা দেশের আইন বদল ফেলা সম্ভব নয়”।

RELATED Articles