‘ডাল মে কুছ কালা হ্যায়, সত্যি কথাটা জানতে চাই’, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে ফের কেন্দ্রকে তোপ মমতার

ফের একবার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জন্য রেলমন্ত্রককে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কেন্দ্র সরকার যাত্রীদের জন্য কিছুই করেনি। তিনি যতদিন রেলমন্ত্রী ছিলেন, ততদিন দুর্ঘটনা অনেক কমে গিয়েছিল। এর পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ নিয়েও কথা বলেন তিনি।

গতকাল, রবিবার সাংবাদিক সম্মেলন করে মমতা বলেন, “রেলটাকে আমি হাতের তালুর মতো জানি। আমি রেলমন্ত্রী থাকাকালীন রেলের অ্যান্টি কলিশন ডিভাইসের প্রস্তাব দিই। এছাড়াও নিউ সিগন্যাল সিস্টেম, ম্যানড লেভেল ক্রসিংয়ের কথাও বলেছিলাম। এর জন্যই দুর্ঘটনার সংখ্যা কমেছে”।  

মমতার দাবী, বর্তমান মোদী সরকারের এর নেপথ্যে কোনও কৃতিত্ব নেই। এর পাশাপাশি তিনি এও বলেন যে রেলের সুরক্ষার জন্য কেন্দ্র কিছুই করেনি। উলটে আলাদা রেল বাজেটও তুলে দেওয়া হয়েছে। রেলভবনও এখন আর নেই। রেলকে বেচার জন্য রেখে দেওয়া হয়েছে।

মমতা জানান, এই অবস্থায় তিনি কোনও রাজনীতি করতে চান নি। কিন্তু তৃণমূল সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবী তাঁর। তিনি বলেন, “আমি ভেবেছিলাম এই সময় রাজনৈতিক কথা বলব না। কিন্তু ম্যাসেজে জানতে পারলাম একটা লিস্ট দেওয়া হয়েছে, আমার সময় রেল দুর্ঘটনায় কতজন মারা গিয়েছে? যে তথ্য ওরা দিয়েছে, তা ভুল। ৩৩৭-কে বাড়িয়ে তিন হাজার কত দেখানোর চেষ্টা করা হয়েছে। আমি যদি জিজ্ঞাসা করি গোধরায় কতজন মারা গিয়েছিল”।

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৮৮ জনের মৃত্যু হয়েছে। যদিও ওড়িশা সরকার বলছে মৃত্যুর সংখ্যা ২৭৫। এমন পরিস্থিতিতে কী রেলমন্ত্রীর পদত্যাগের করা উচিত? এই প্রশ্নের জবাবে মমতা বলেন, “পদত্যাগ নিয়ে কিছু বলব না। তবে এটাই চাইব যে সত্যি কথাটা বলুন”। এই ঘটনায় ‘ডাল মে কুছ কালা হ্যায়’ বলেই মনে করছেন মমতা।

আরও অন্যান্য খবর