এখনও করমণ্ডল ট্রেন দুর্ঘটনার ক্ষত দগদগে, কপাল জোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস, সাসপেন্ড গেটম্যান

ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার ভয়াবহতা এখনও মানুষের মন থেকে মুছে যায়নি। এরই মধ্যে ঘটে গেল আরও এক ঘটনা। কপাল জোরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। গতকাল, মঙ্গলবার বিকেলে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের সাঁওতালডিহি স্টেশনের কাছে দুর্ঘটনা থেকে রক্ষা পায় এই ট্রেন।

জানা গিয়েছে, সাঁওতালডিহি লেভেল ক্রসিংয়ে রেললাইনের উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই বিকল হয়ে পড়ে ডিজেল বহনকারী এক ট্রাক। রেললাইনের ট্র্যাক থেকে সামান্য দূরে আটকে যায় ওই ট্রাকটি। ট্রাকের ড্রাইভার ও খালাসি ওভাবেই ট্রাকটিতে ফেলে রেখে পালায়। সেই সময়ই লাইনে দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকে রাজধানী এক্সপ্রেসটি।

ট্রেন চালক দূর থেকেই দেখতে পান ট্রাকটিতে। তাই আগে থেকেই গতি কমিয়ে দেন তিনি ট্রেনের। উপস্থিত বুদ্ধি খাটিয়ে এমারজেন্সি ব্রেক কষেন চালক। ফলে থেমে যায় ট্রেন। তবে ট্রাকের ডালার সঙ্গে ট্রেনের অনেক বগিই ঘষে যায়। প্রায় ২৯ মিনিট দাঁড়িয়ে যায় রাজধানী এক্সপ্রেসটি। ট্রাকটিকে সরালে গন্তব্যের দিকে রওনা দেয় ওই ট্রেন।

সূত্রের খবর, এই ঘটনায় ওই লেভেল ক্রসিং-এ থাকা গেটম্যানকে সাসপেন্ড করেছে রেল। আদ্রা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বিকাশ কুমার জানিয়েছেন, “ট্রাক্টর বিকল হয়ে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটে। ওই সময় লেভেল ক্রসিং-এর গেটও পড়ে যায়। কীভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট গেটম্যানকে সাসপেন্ড করা হয়েছে”। আদ্রা ডিভিশনের তরফে জানানো হয়েছে, রাজধানী এক্সপ্রেসের কোন ক্ষতি হয়নি। হতাহতের ঘটনাও ঘটেনি।

রাজধানী এক্সপ্রেসটি দিল্লি থেকে ওড়িশার উদ্দেশে যাচ্ছিল। যাত্রাপথেই এই ঘটনা ঘটে। এই ঘটনায় একগুচ্ছ প্রশ্ন উঠেছে। ট্রেন আসছে কিন্তু তারপরেও রেল গেট কেন পড়েনি, তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয়দের কেউ কেউ বলছেন গেটেও গলদ ছিল। গেটের একদিকের অংশ পড়লেও অন্যদিক পড়েনি। আর এর ফলেই ট্রাক্টরটি ঢুকে আটকে যায়। তবে আসলে কী কারণে এ ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল।

উল্লেখ্য, গত শুক্রবার ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে। করণ্ডল এক্সপ্রেসের সঙ্গে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে যশবন্তপুর এক্সপ্রেসও। এখনও পর্যন্ত এই ঘটনায় ২৭৮ জনের মৃত্যু হয়েছে। আহত হাজারেরও বেশি মানুষ। এর ফলে রাজধানী এক্সপ্রেসের ঘটনাটিকে একেবারেই হালকা ভাবে নিচ্ছে না দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন কর্তৃপক্ষ। 

RELATED Articles